২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুই পাইনি, বরং হারিয়েছি: ফখরুল

স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশের জনগণ গণতন্ত্রসহ ‘সব অর্জন হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2021, 03:37 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বৃহস্পতিবার বিজয় দিবসের সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি, বরং হারিয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই গণতন্ত্র আমরা হারিয়েছি। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে একটা ব্যবস্থা করা হয়েছিল, সেটাও তারা বাতিল করে দিয়েছে।

“এখানে এখন নির্বাচন ব্যবস্থা নেই যে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। দেশের মানুষ এখন ভোট দিতে পারে না। এখানে দারিদ্র্য আরো বেড়েছে, মানুষ গরিব থেকে গরিব হয়েছে। একটা শ্রেণির মানুষ, যারা আওয়ামী লীগের মদদপুষ্ট, তারা ধনী হয়েছে।”

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান(র‌্যাব) এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে বাংলাদেশের পঞ্চাশ বছরের ‘বড় লজ্জা’ হিসেবে বর্ণনা করেন ফখরুল।

তিনি বলেন, “আমরা মনে করি, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লজ্জা। এই পঞ্চাশ বছর পরে আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পেতে হচ্ছে এবং আমরা গণতন্ত্রের বাইরের একটি রাষ্ট্র, সেটাকে আজকে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে।… দুর্ভাগ্যজনকভাবে আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে, তাদের কারণেই এই অবস্থা বাংলাদেশের আজকে হয়েছে।”

বিজয় দিবসের সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা শেরেবাংলা নগরে আসেন জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে।   

ফখরুল বলেন, “আমরা যে একটা স্বাধীন ও মুক্ত বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সেই স্বাধীন ও মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা দেখছি যে একটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে এখানে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য কাজ করছে।

“আজকে আমরা এখানে শপথ নিয়েছি যে, এদেশে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, শামীমুর রহমান শামীম, সেলিমুজ্জামান সেলিম, নাজিম উদ্দিন আলম, ইশরাক হোসেন, আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, যুব দলের সাইফুল ইসলাম নিরব, এসএম জাহাঙ্গীর, মহিলা দলের আফরোজা আব্বাস, জেবা খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মোস্তাফিজুল করীম মজুমদার, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, উলামা দলের শাহ নেসারুল হক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ড্যাবের ডা. আবদুস সালামসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এ সময়ে উপস্থিত ছিলেন।