২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ের ৫০ বছরেও বৈষম্য ঘোচেনি: জি এম কাদের

বিজয়ের সুবর্ণজয়ন্তী পূর্ণ হলেও এখনও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 01:16 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তিতে শনিবার ঢাকায় দলের এক সমাবেশে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

জুরাইন রেল গেইটে মঞ্চ বানিয়ে সমাবেশের পর সেখান থেকে শোভাযাত্রা করে যাত্রাবাড়ি  পর্যন্ত যায় জাতীয় পার্টি।

সমাবেশে জি এম কাদের বলেন, “আজকে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। কিন্তু যে উদ্দেশ্যে আমাদের দেশের ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, ২লক্ষ দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিল, তাদের প্রত্যাশা কি আমরা পূরণ করতে পেরেছি?

“পশ্চিম পাকিস্তানের কাছে আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে। এটা বাঙালি জাতি মেনে নিতে পারিনি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কি দেখছি, পশ্চিম পাকিস্তানি কায়দায় বৈষম্য কি শেষ হয়েছে? আমাদের দেশের বৈষম্য দূর হয় নাই।”

জাতীয় পার্টি ক্ষমতা হারানোর পর যতগুলো সরকার এসেছে, তারা দলীয়করণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

এখন নির্বাচনে অংশ নিতে গিয়েও জাতীয় পার্টি বিভিন্ন বাধার মুখ পড়ছে বলে সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের অভিযোগ।

তিনি বলেন, “এই যে ইউপি নির্বাচন এবং জাতীয় সংসদের বাই ইলেকশন, এখানে অন্যরা অংশগ্রহণ করছে না, আমরা এই নির্বাচনগুলোতে অংশ নিচ্ছি। কিন্তু আমাদের প্রার্থীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে।

“সিরাজগঞ্জে আমাদের প্রার্থীকে মারধর করে তার কাপড়-চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা খবর পেয়েছি, আমাদের একজন প্রার্থীকে চাপ প্রয়োগ করা হয়েছে মনোনয়ন প্রত্যাহার করার জন্য।”

নির্বাচনের ক্ষেত্রে এমন বৈষম্যের শিকার হওয়ার পাশাপাশি তিনি বলেন, “ধনী ও দরিদ্র্যের মধ্যে বৈষম্য হচ্ছে। আপনারা দেখেন এক শ্রেণীর মানুষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, দেশে-বিদেশে সম্পদের পাহাড় তৈরি করছে। আর এই দেশে দরিদ্র্য মানুষ না খেয়ে থাকে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। বিদ্যুৎ গ্যাস, পানির বিল বাড়ানো হচ্ছে। কাজেই স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, তার সুফল আমরা পাই নাই।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল বক্তব্য রাখেন।