২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ আবারও ‘জেগে উঠবে’: ফখরুল

স্বাধীনতার ৫০ বছরেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ‘পাওয়া যায়নি’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ আবারও ‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে’, সেই প্রত্যাশায় আছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 06:24 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

মঙ্গলবার সকালে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদের কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা এবছর স্বাধীনতার ৫০ বছর পূরণ করতে চলেছি। কিন্তু দুর্ভাগ্য, ১৯৭১ সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম, সেই লক্ষ্য- গণতান্ত্রিক একটি রাষ্ট্র ,এখন পর্যন্ত আমরা পাইনি।

“মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, তা ভূলণ্ঠিত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে এদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অসংখ্য মানুষকে খুন করেছে, গুম করেছে, পঙ্গু করে দিয়েছে।”

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ ভাগে নিশ্চিত পরাজয়ের মুখে বুদ্ধিজীবীদের হত্যা শুরু করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। সেই থেকে শ্রদ্ধা আর স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তান হানাদার বাহিনী। দীর্ঘ ৯ মাসের যুদ্ধে লাখ লাখ মানুষ হত্যা করেছে তারা। জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

“আমরা বিশ্বাস করি, দেশের মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে। এই অগণতান্ত্রিক, অবৈধ সরকারকে হটিয়ে দেশে আবার জনগণের রাষ্ট্র, জনগণের পার্লামেন্ট এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।”

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনে সাড়া না দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

“তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন, লড়াই করছেন। আমরা বার বার তার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলছি। কিন্তু তারা কর্ণপাত করছে না।”

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে খালেদা জিয়া এখন সরকারের নির্বাহী আদেশে মুক্ত। দেড় বছর আগে তার সাময়িক মুক্তির শর্তে বলা হয়, নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং বিদেশে যেতে পারবেন না।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকরা।

এর মধ্যে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার আবেদন করে খালেদা জিয়ার পরিবার। তাতে সরকারের সাড়া না পেয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে টানা আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, “এই গণবিরোধী সরকার, ভয়াবহ দানবীয় সরকার, স্বাধীনতাবিরোধী সরকার বেগম খালেদা জিয়াকে শুধু নয়, কাউকে রাজনীতি করতে দিতে চায় না। তারা এদেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত জানতে ‘অপেক্ষা’ করতে বললেন আইনমন্ত্রী  

বিদেশ যেতে চাইলে খালেদাকে আগে জেলে ফিরতে হবে: আইনমন্ত্রী

খালেদা জিয়ার জন্য ‘যথেষ্ট’ করা হয়েছে: শেখ হাসিনা  

খালেদাকে বিদেশ নিতে আবার আবেদন  

আন্দোলন, আন্দোলন আর আন্দোলন: ফখরুল