কপ২৬ আশাও দেখিয়েছে: হাছান মাহমুদ
এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে সব প্রত্যাশা পূরণ না হলেও আশার দিকও আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এবং আইডিইবি আয়োজিত ‘কপ২৬ : প্রাপ্তি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
গত নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ২৬) এ অংশ নিয়েছিলেন সাবেক পরিবেশমন্ত্রী এবং আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সাবেক সম্পাদক হাছান মাহমুদ।
আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা কপ২৬ কে সফল না বললেও ব্যর্থ বলতে পারি না। আমাদের অনেক প্রত্যাশা থাকে কপ মিটিংয়ের আগে, কিন্তু সব প্রত্যাশা পূরণ হয় না।
রাষ্ট্রগুলো যেসব পদক্ষেপ নিয়েছে, তা পৃথিবীতে মানুষকে ঝুঁকিমুক্ত করার জন্য যথেষ্ট নয় মন্তব্য করার পাশাপাশি হাছান মাহমুদ বলেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো পৃথিবীর অনেক দেশকে পথ দেখিয়েছে।
“বাংলাদেশের উপর কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা করেছেন ২০৪১ সাল নাগাদ আমাদের শক্তি উৎপাদনের ৪০ শতাংশ সবুজ প্রযুক্তিতে হবে। এটি অত্যন্ত উচ্চভিলাষী পরিকল্পনা। এটি কেউ আমাদের করতে বলেনি, প্রধানমন্ত্রী স্বপ্রণোদিত হয়ে এ ঘোষণা দিয়েছেন এবং ২০৫০ সাল নাগাদ আমাদের স্বপ্ন আছে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ শূন্যের কোটায় নিয়ে যাওয়া।”
হাছান মাহমুদ বলেন, “পৃথিবীতে মানুষকে রক্ষা করার জন্য আমরা মনুষ্য সম্প্রদায় ও রাষ্ট্রসমূহ যেসব পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেছি, মানুষকে দীর্ঘমেয়াদে রক্ষা করার জন্য সেগুলো যথেষ্ট নয়। এখানে উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে যারা গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ বেশি ঘটাচ্ছে, তাদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারও সভায় বক্তব্য রাখেন।
ইনস্টিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবি সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশলী মোহাম্মদ হোসেন, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমানও আলোচনায় অংশ নেন।
