অশালীনতাকে প্রশ্রয় দেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে নিয়ে মোয়াজ্জেম হোসেন আলালের ‘কটূক্তির’ প্রসঙ্গ ধরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা ‘অশালীনতাকে’ প্রশ্রয় দেন।
বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ৪২তম জাতীয় কাউন্সিল উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব আলালের সাম্প্রতিক এক বক্তব্যের তুমুল সমালোচনা চলছে আওয়ামী লীগে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে, যা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি নেতা আলালের বিরুদ্ধে অশালীন এবং অশোভন বক্তব্য দেওয়ার কারণে যে মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানানোর মধ্য দিয়ে মির্জা ফখরুল সাহেব প্রমাণ করেছেন, তাদের দলের নেতারা যে অশোভন, অশালীন কথা বলছেন, এগুলো তাদের ইন্ধনেই বলছেন এবং সেগুলোকে তারা প্রশ্রয় দেন। না হয় বিএনপি মহাসচিব সে দাবি করতে পারতেন না।”
খালেদা জিয়ার প্রতি অবিচার হলে জনগণ মেনে নেবে না- বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “বেগম খালেদা জিয়া এবং তার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশে যে নিষ্ঠুরতা দেখিয়েছে, দেশের ইতিহাসের পাতায় যে কালিমা লেপন করেছে, সেগুলো কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং তার মতো খালেদা জিয়াও হত্যাকারীদের পুনর্বাসন করেছেন, বঙ্গবন্ধুর এক হত্যাকারীকে ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন।
“খালেদা জিয়ার সময়ে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের পরিচালনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। তার নেতৃত্বেই দেশে অগ্নিসন্ত্রাস-অগ্নিবোমার রাজনীতি হয়।”
দণ্ডিত খালেদা জিয়াকে কারামুক্ত করতে শেখ হাসিনার পদক্ষেপ তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়ার এরকম নিষ্ঠুর আচরণ সত্ত্বেও প্রধানমন্ত্রী তার প্রতি যে সহানুভূতি, মহানুভবতা দেখিয়েছেন, দেখিয়ে যাচ্ছেন, সেটি বাংলাদেশে আগে কখনও ঘটেনি, এর জন্য বিএনপির কৃতজ্ঞ হওয়া প্রয়োজন।”
আইডিইবি সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুর রহমান সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।
