শেখ হাসিনা-আশরাফ পুনর্র্নিবাচিত
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হয়েছেন শেখ হাসিনা ও সৈয়দ আশরাফুল ইসলাম।
দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগে সপ্তমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।
শনিবার দলের কাউন্সিলে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামও।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে দলের বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সৈয়দ আশরাফ।
বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফের নাম প্রস্তাব করলে বিদায়ী আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তা সমর্থন করেন।
কাউন্সিলররা সবাই এই প্রস্তাব সমর্থন করেন, ফলে কোনো ভোটাভুটি হয়নি। সেই সঙ্গে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়।
অধিবেশনে নেতৃত্ব নির্বাচনের আগে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন শেখ হাসিনা। এরপর নতুন নেতৃত্ব নির্বাচন কমিটি দায়িত্ব নেয়। এই কমিটিতে চেয়ারম্যান ছিলেন সংসদ সদস্য রহমত আলী। সদস্য ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন ও আ ক ম মোজাম্মেল হক।
সভাপতি পদে পুনর্র্নিবাচিত হওয়ার পর কাউন্সিলে বক্তব্যে শেখ হাসিনা বলেন, “আমি এবার খুবই চেয়েছিলাম, আপনারা নতুন নেতৃত্ব আনবেন। আমি পাশে থেকে সহায়তা করব।”
১৯৮২ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় থেকে দেশের বাইরে থাকা শেখ হাসিনা বিদেশে থাকা অবস্থায়ই দলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর দেশে ফিরে দায়িত্ব নেন তিনি।
নতুন করে নির্বাচিত করায় কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনারা যে গুরু দায়িত্ব নিয়েছেন, তা মাথা পেতে নিলাম। কারণ সামনে নির্বাচন।”
নবর্নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আমি আশরাফকে সঙ্গে নিয়ে মুরব্বীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করব।”
শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দেশকে এগিয়ে নেয়ার স্লোগান নিয়ে ৬৩ বছর পাড়ি দিয়ে ১৯তম জাতীয় সম্মেলন করেছে আওয়ামী লীগ। এবারের সম্মেলনে সারা দেশ থেকে যোগ দেন ৬ হাজার ৩০০ কাউন্সিলর।
আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালের ২৪ জুলাই। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর এই দলের সম্মেলন হওয়ার কথা।
১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের, যে দলের নেতৃত্বে প্রায় দুই যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ।
মুসলিম লীগের প্রগতিশীল একটি অংশের উদ্যোগে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে গঠিত হয়েছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’।
প্রতিষ্ঠাকালে মওলানা ভাসানী দলটির সভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারাবন্দি শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।
আওয়ামী মুসলিম লীগ নামে যাত্রা শুরু করলেও অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। নতুন নাম হয়-‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। স্বাধীনতার পর ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নাম নেয় দলটি।
প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক সংগ্রাম, যুক্তফ্রন্ট গঠন ও ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ৫০ এর দশকেই আওয়ামী লীগ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের প্রধান রাজনৈতিক শক্তি।
তবে প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হামিদ খান ভাসানী রাজনৈতিক মতভিন্নতার জন্য ১৯৫৭ সালে দল ছেড়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘসময় দলটি সামরিক শাসনবিরোধী আন্দোলন করে জনগণের মধ্যে আস্থা তৈরি করে। ১৯৬৬ সালে ছয় দফা দেন বঙ্গবন্ধু, যাকে বাঙালির মুক্তির সনদ নামে অভিহিত করা হয়। ছয় দফার ভিত্তিতেই ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে।
এরপর পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করলে আওয়ামী লীগের নেতৃত্বেই শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর অভ্যুদয় ঘটে বাংলাদেশের।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সামরিক শাসনে নির্যাতন আর নিপীড়নের মধ্যে পড়ে ঐতিহ্যবাহী এই সংগঠন, নেতাদের মধ্যেও দেখা দেয় বিভেদ।
১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলীয় সভাপতি হিসাবে দেশে ফিরে কয়েকভাগে বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন, আন্দোলন শুরু করেন সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে।
২১ বছর পর ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করে। পাঁচ বছর শাসনের পর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়। কিন্তু দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কারচুপির মাধ্যমে তাদের হারানো হয়েছে।
এরপর দেশে রাজনৈতিক সঙ্কটের পর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুলভাবে জয়ী হয়ে পুনরায় সরকারে ফেরে।
