২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের জন্য যারা কাজ করেছেন, তারাই চলে যাচ্ছেন: প্রধানমন্ত্রী

চলমান একাদশ জাতীয় সংসদে ২০ জন সংসদ সদস্যের মৃত্যুতে দুঃখ ভারাক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের রাজনীতির জন্য এ ক্ষতি ‘অনেক বড়’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 02:49 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

টাঙ্গাইলের মির্জাপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে বুধবার সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

২০১৯ সাল থেকে এ পর্যন্ত মারা যাওয়া ২০ জন সংসদ সদস্যের নাম সংসদে স্মরণ করে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, “একটা সংসদে এতজন মানুষের মৃত্যু, সত্যিই যেন অস্বাভাবিক একটা ঘটনা জীবনে ঘটে চলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে মানুষগুলি কাজ করেছেন মানুষের জন্য, তারাই একে একে চলে যাচ্ছেন।“

অধিবেশনে দিনের বৈঠকের শুরুতে সাংসদ একাব্বর হোসেনের জন্য শোক প্রস্তাব তোলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে তা গ্রহণ করা হয়। এরপর রীতি অনুযায়ী দিনের অন্য কর্মসূচি স্থগিত করে সংসদের বৈঠক মুলতবি করেন স্পিকার।

শোক প্রস্তাবের আলোচনায় শেখ হাসিনা বলেন, “শোক প্রস্তাব নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। একাব্বর হোসেন অসুস্থ ছিল। গতকাল দুপুরে হঠাৎ তার মৃত্যুর খবর পেলাম। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করাই। প্রতিদিন খবর নিচ্ছিলাম। কালকে খবর পেলাম লাইফ সাপোর্টে। একটা হার্ট অ্যাটাক হয়েছে। তখনই আমার সন্দেহ ছিল, আর বোধহয় ফিরে আসবে না। ঠিক তাই হল।”

প্রধানমন্ত্রী বলেন, “অত্যন্ত দুঃখজনক। তার আত্মার মাগফিরাত কামনা করি। এবার আমরা সংসদ যখন শুরু করলাম, একটু আশ্বস্ত ছিলাম। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত সংসদে ২০ জন সংসদ সদস্যকে হারালাম। প্রতিবারই সংসদ শুরু করতে হত শোক প্রস্তাব নিয়ে। এবার শোক প্রস্তাব নিয়েছিলাম। কিন্তু চলমান সংসদের কেউ মৃত্যুবরণ করলে আলোচনা করে সংসদ শুরু হয়। এবার সেটা হয়নি দেখে সত্যি একটু আশ্বস্ত ছিলাম। স্বস্তি নিয়ে শুরু করলাম, কিন্তু আবার সেই ভয়াবহ আঘাতটা আসল।”

গত পৌনে তিন বছরে যে ২০ জন আইনপ্রণেতাকে জাতীয় সংসদ হারিয়েছে, তাদের ১৮ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের, দুজন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির।

দেশের সংসদের ইতিহাসে এত স্বল্প সময়ে এত সদস্যের মৃত্যুর খবর আর আসেনি। দশম সংসদের পুরো পাঁচ বছরে মারা যান ১৫ জন সদস্য।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

তার জীবন ও কর্মের ওপর আলোচনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “একাব্বর হোসেন ছাত্রলীগের কর্মী। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশে যে সামরিক জান্তার শাসন শুরু হয়, সেই সময় বিশ্ববিদ্যালয় বা কলেজে ছাত্রলীগ করা একটা কঠিন সময় ছিল। সে সময় ছাত্র রাজনীতিরা করা কঠিন ছিল। একাব্বর সবসময় খুবই সক্রিয় ছিল।

“৮১ সালে আমি ফেরার পর প্রতি পদে পদে বাধা, আঘাত এসেছে। মিটিংয়ে বোমা হামলা, মঞ্চ পোড়ানো থেকে শুরু করে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে। কিন্তু একাব্বরদের মত নিবেদিতপ্রাণ কর্মী যারা ছিল, আমি দেখেছি, তখন সব ভয়-ভীতি উপক্ষো করে সে সমস্ত সমাবেশে যোগদান করেছে। আন্দোলন সংগ্রাম করেছে।”

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একাব্বর ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে তিনি প্রথমবার আইনপ্রণেতা হিসেবে সংসদে আসেন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন।

শেখ হাসিনা বলেন, “আমি যখন প্রথম নমিনেশন দিলাম, সে যখন ইলেকশন করে, আমি জানি কখনো কারও কাছ থেকে টাকা নেওয়া, চাঁদা নেওয়া কিছু করেনি। একদম তরুণ ছিল। আমি জিজ্ঞেস করলাম, তোমার কিছু লাগবে কি না। শুধু বললো, ‘আমার কিছু লাগবে না। আমার চাচা আছেন। উনি দেখবেন। আর জনগণের সঙ্গে যোগাযোগ আছে।’ খুব সহজভাবে সে নির্বাচনে জিতে আসত।”

আবেগমাখা কণ্ঠে শেখ হাসিনা বলেন, “সত্যি খুব অবাক লাগছে। এত অল্প বয়সে চলে যাবে আমি ভাবতেই পারিনি। আমার জন্য সত্যি খুব কষ্টকর। আজকে একাব্বর যদি থাকত, তবে দেশের রাজনীতিতে অনেক অবদান রাখতে পারত। কারণ হচ্ছে তার সততা, একনিষ্ঠতা, দেশপ্রেম। একজন রাজনীতিবিদের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বর্তমান যুগে বিরল।

“এরকম একজন নেতৃত্ব হারানো আমাদের জন্য কষ্টকর। বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়েছে।”

একাব্বরকে দলে নেতৃত্বের দায়িত্বে আনার ভাবনা ছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, “মাঝে মাঝে চিন্তা করতাম, আমার পরে যারা এদেশের, বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, কারা দিতে পারে? দেবার মত সেই রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, সততা এবং আদর্শের প্রতি নিষ্ঠাবান… তার ভেতরে একাব্বরও একজন ছিল। আমাদের দুর্ভাগ্য এ ধরনের কর্মীকে হারালাম। দলের জন্য যেমন বিরাট ক্ষতি। ঠিক তেমনি দেশের জন্য।

“যাদেরকে তৈরি করছিলাম, তেমনি একজনকে হারালাম। একের পর এক হারাচ্ছি। কোভিড-১৯ এর প্রভাবে অনেককে আমরা হারাচ্ছি। সেটা শুধু দেশে নয়, সারাবিশ্বে।”

প্রধানমন্ত্রীর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, আব্দুস সোবহান মিয়া, বেনজীর আহমেদ, আনোয়ারুল আবেদীন খান, ছোট মনির, বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, বিরোধীদলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন।