বিএনপির কথা ‘মহাসমুদ্রে আশার’ মতো: তথ্যমন্ত্রী
আগামী নির্বাচনে সরকার পরিবর্তনের যে আশা বিএনপি করেছেন, তা পূরণের কোনো সম্ভাবনা দেখছেন না তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
তিনি বরেছেন, “মহাসমুদ্রে আশাই একমাত্র ভরসা, এটি বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য। এই আশা নিয়েই উনারা বেঁচে আছেন।”
বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “আশা থাকা ভালো, সবাই তো চিরকাল ক্ষমতায় থাকবে না। কিন্তু সেই পরিবর্তন বিএনপির জন্য মানুষ চায় কি না, এটি হচ্ছে প্রশ্ন।
“উন্নয়ন অগ্রগতি বাদ দিয়ে যারা মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করে কিংবা নিজেদের রাজনৈতিক স্বার্থে মানুষকে জিম্মি করার, হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে, তাদের জন্য মানুষ পরিবর্তন চায় কি না সেটিই প্রশ্ন।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলার আসামি সাংবাদিক রোজিনা ইসলামের আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া তথ্যমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।
হাছান মাহমুদ বলেন, “পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন, নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান তাকে পুরস্কৃত করেছে এবং পাকিস্তানের একজন সাংবাদিকদের হাত থেকে তার স্বামী পুরস্কার গ্রহণ করেছে। বাকি বিষয়টা বিচারাধীন বিধায় এবিষয়ে কিছু বলা সমীচীন নয়।”
সাংবাদিকদের সমস্যা সমাধানে নিজে আন্তরিকভাবে চেষ্টা করছেন বলে জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সম্প্রচার আইন নিয়েও কাজ চলছে।
সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, “প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে সব গণমাধ্যমকর্মীর জন্য বীমার ব্যবস্থা করলে তাদের সুরক্ষা হয়। ওয়েজবোর্ডেও এটি বলা আছে। আমি সবাইকে অনুরোধ জানাবো দায়িত্বশীলভাবে এটি করার জন্য। একজন সাংবাদিক অনেক বছর চাকুরি করার পর শূন্য হাতে চলে যাবে, এটা হওয়া উচিত নয়।”
বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক সেবিকা রাণী, সদস্য উম্মুল ওয়ারা সুইটি, উৎপল কুমার সরকার, শেখ নাজমুল হক ও নুরে জান্নাত সীমা এসময় উপস্থিত ছিলেন।
