২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের সাহস ‘ভবিষ্যতে’ দেখবে সরকার: মোশাররফ

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের ডাক দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ‘ভবিষ্যতে’ বিএনপি নেতাদের সাহস দেখতে পাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2021, 07:09 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফের এ মন্তব্য আসে।

তিনি বলেন, “আপনারা বিএনপির সাহসের কথা বলেন। ইনশাল্লাহ তারেক রহমানের সাহস, বেগম খালেদা জিয়ার সাহস এবং এদেশের গণতান্ত্রিক দেশপ্রেমিক জনগণের নেতাদের সাহস ভবিষ্যতে শেখ হাসিনা দেখবেন আমার বিশ্বাস।”

বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন লন্ডনে।

সে বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার স্কটল্যান্ডে প্রবাসীদের এক অনুষ্ঠানে বলেছিলেন, “দেশে চলে আসুক যদি সাহস থাকে। আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে, আগুন দিয়ে, আর ডেমোনস্ট্রেশন দিয়ে তো চলবে না।”

গত এক যুগে সরকারবিরোধী আন্দোলনে সাফল্যের দেখা না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নেতারা আবার জোড়েশোরে আন্দোলনের কথা বলছেন।

খন্দকার মোশাররফ বলেন, “সামনে দেশে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয়, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আর বিএনপিসহ গণতান্ত্রিক দেশপ্রেমিক দলগুলো সেই নির্বাচনে যাবে না।

“আমাদের এক কথা বলে দিচ্ছি- নির্দলীয় সরকার না হলে আমরা নির্বাচনে যাব না, সংলাপেরও প্রশ্ন নেই। এই সরকার ক্ষমতায় থাকলে তারা নির্দলীয় সরকার দেবে না। সেজন্য আমাদেরকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”

দুর্নীতি, গুম-খুন, রাহজানি-চাঁদাবাজিকে বাংলাদেশের ‘চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “এ সব কিছু থেকে মুক্তি পেতে হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

“তা করতে হলে এই সরকারকে ক্ষমতায় রেখে এটা কখনোই সম্ভব হবে না। অতীতে তার প্রমাণ আছে। অতত্রব এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”

সেজন্য ‘জাতীয় ঐক্য’ প্রয়োজন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমাদের সকলের যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক তাদের সকলের ঐক্য প্রয়োজন। এই ঐক্য গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।”

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে স্বাধীনতা ফোরাম এই আলোচনাসভার আয়োজন করে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, অঙ্গসংগঠনের শাহজাহান সম্রাট, ইসমাইল হোসেন তালুকদার খোকন, মিয়া মো. আনোয়ার, কাজী মনিরুজ্জামান, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন ও জাহাঙ্গীর আলম আলোচনাসভায় অংশ নেন।

আরও পড়ুন

৭ নভেম্বর ঘিরে বিএনপির দুই দিনের কর্মসূচি