২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ‘থলের বিড়াল’ বেরিয়ে আসছে: ওবায়দুল কাদের

নেতৃত্ব নির্বাচন এবং দলের মধ্যে ‘গণতন্ত্রহীনতার’ প্রকাশের মধ্য দিয়ে বিএনপির ‘থলের বিড়াল’ বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2021, 03:50 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, “সবসময় বিএনপি অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে। এখন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন।

“মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

“অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা জনগণ এখন আর বিশ্বাস করে না। এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে!”

বিএনপিকে ‘পরশ্রীকাতর’ এবং ‘অসহিষ্ণু’ রাজনীতির ধারক আখ্যা দিয়ে তিনি বলেন, “গত এক যুগ ধরে বিএনপির রাজনীতি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি এখন সংকটের খাদের কিনারে অবস্থান করছে।

“… রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে। তাদের প্রতি জনগণের আস্থাহীনতা.. এ সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।”

বিএনপি দিনরাত সরকারের বিরুদ্ধে ‘বিদ্বেষ ছড়াচ্ছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে।”

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, “করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, এ অবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া জরুরি হয়ে পড়েছে।

“ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব তথা ধীরগতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিয়েছে, তাই কোনোভাবেই আর বিলম্ব করা যাবে না।”