আফগান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ঘাতক দালাল নির্মূল কমিটির
আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল পরবর্তী পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
রোববার ৩৬টি দেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনলাইন এই সম্মেলনে প্রতিপাদ্য ছিল, ‘আফগানিস্তানে তালেবানদের ক্ষমতাদখল: সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধের আহ্বান।’
সংগঠনের সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে রোববার এই সম্মেলন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, তুরস্ক, উজবেকিস্তান, মিশর, ঘানা, লাইবেরিয়া, ইথিওপিয়া, সিয়েরা লিওন, মেসিডোনিয়া, রাশিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, জ্যামাইকা, জাপান, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার তিন শতাধিক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনপ্রণেতা, কূটনীতিক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, শান্তিকর্মী ও উন্নয়নকর্মী সম্মেলনে অংশ নেন।
অস্ট্রেলিয়া প্রবাসী আফগান মানবাধিকার নেত্রী আইনজীবী কোবরা মোরাদি ছয় মহাদেশের ১০৭জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর করা খসড়া ঘোষণা ও প্রস্তাব সম্মেলনে উপস্থাপন করেন, যা পরে গ্রহণ করা হয়। ওই প্রস্তাব জাতিসংঘ এবং সকল সহযোগী সংস্থায় পাঠানোরও সিদ্ধান্ত হয়।
সম্মেলনে তালেবানসহ সকল ‘জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী’ সংগঠন ও রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী নাগরিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী পাকিস্তানি মানবাধিকার নেত্রী তাহেরা আবদুল্লাহর প্রস্তাব অনুযায়ী সম্মেলনে গৃহীত প্রস্তাবের পক্ষে বিশ্বব্যাপী ১০ লাখ স্বাক্ষর সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়।
শাহরিয়ার কবির বলেন, “আফগানিস্তানে বৈধ সরকারকে অবৈধভাবে অপসারণ করে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী তালেবানরা যেভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে, তার বিরুদ্ধে বিশ্বের সকল বিবেকবান মানুষ আজ সোচ্চার। আমরা অতীতে আফগানিস্তানে একই পন্থায় তালেবানদের ক্ষমতাদখল এবং পাঁচ বছরের নারকীয় শাসনকাল দেখেছি। “যেখানে আফগানদের উপর সীমাহীন দুর্যোগ নেমে এসেছিল। দক্ষিণ এশিয়াসহ গোটা পৃথিবীতে পাকিস্তান, আমেরিকা ও সৌদি আরবের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তালেবানরা গত তিন দশক ধরে যেভাবে জঙ্গি মৌলবাদী সন্ত্রাস রপ্তানি করেছে, তার মাশুল আজও আমাদের দিতে হচ্ছে।”
তিনি বলেন, “আফগানিস্তানে তালেবানের সাম্প্রতিক উত্থানে এসব দেশের মৌলবাদী ধর্মব্যবসায়ীদের উল্লাসে আমরা উদ্বিগ্ন। বিশ্বের সর্বত্র মানুষের সমান অধিকার ও মর্যাদা রক্ষা করতে হলে এবং সভ্যতার বোধ ও বিশ্বশান্তি নিশ্চিত করতে হলে দেশে দেশে ধর্ম, বর্ণ ও জাতিসত্তার নামে উগ্রতা, সন্ত্রাস ও হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ নাগরিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
অন্যদের মধ্যে আফগান ইন্টেলেকচুয়ালস গ্লোবাল কমিউনিটির প্রেসিডেন্ট লেখক শাহী সাদাত, বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, ভারতের ডেইলি পাইওনিয়ারের উপদেষ্টা সম্পাদক হিরন্ময় কার্লেকার, যুক্তরাষ্ট্রের ইরানি নারী অধিকার কর্মী সাংবাদিক বানাফসে যানদ সম্মেলনে বক্তব্য দেন।
