২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে গুম শুরু বিএনপির আমলে: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, দেশে গুম শুরু হয়েছিল বিএনপির শাসনামলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2021, 09:05 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

আওয়ামী লীগের শাসনে গত এক যুগে পাঁচশ’র বেশি মানুষ গুম হয়েছে বলে বিএনপির অভিযোগের জবাবে মঙ্গলবার এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি।

জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে কৃষক লীগের আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার সরকার গুম-খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশের মানুষ জানে এদেশে গুম খুনের রাজনীতি চালু করেছে বিএনপি।

“ঢাকা সিটি ছাত্রলীগের নেতা মাহফুজ বাবু কোথায়? যে রাতে অন্ধকারে নিয়ে গিয়েছে জিয়াউর রহমানের বাহিনী, চট্রগামে টর্চার করতে করতে মেরে ফেলা হয়েছে। তার লাশ আমরা দেখিনি।”

বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “২০০১ এর পর আপনারা কত হাজার মানুষকে গুম করেছেন? জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে ওই নভেম্বর মাসে সেনাবাহিনীর কত অফিসারকে গুম করে হত্যা করেছেন? সেই ইতিহাস কি মুছে গেছে? গুমের ইতিহাস তো আপনাদের।

“আপনাদের দলের নেতা খালেদা জিয়ার আমলে চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম করা হল। গুম শব্দটা আপনারাই চালু করেছেন জিয়াউর রহমানের আমলে, বেগম জিয়ার আমলে সেটা আরও ১০ গুণ বেড়েছে।”

‘গুম হওয়া ব্যক্তিদের’ পরিবারের দায় সরকারকে নিতে হবে: ফখরুল  

বিএনপি গুমের ঘটনা সাজাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

“অনেকে মামলা থেকে, খুন-সন্ত্রাস থেকে বাঁচার জন্য নিজে নিজে গুম হয়ে যায়। অনেকে আবার পালিয়ে বিদেশে চলে যায়। নানা কারণে আত্মগোপন করে। কিছুদিন পরে আবার ফেরত আসে। ফখরুল সাহেবের গুমের লিস্টে এদের নামও আছে।”

“সেদিনও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির এক কর্মী স্বেচ্ছাসেবক দলের নেতা অস্রসহ গ্রেফতার হয়েছে, ফখরুল সাহেব না বুঝেই বলে ফেলেছে- গুম হয়েছে।”

‘জিয়ার লাশ অঙ্গার হয়ে গিয়েছিল’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে তার লাশ নেই বলে আবারও দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “জেনারেল এরশাদ বহন করেছে সেই কফিনে নাকি জিয়াউর রহমানের লাশ ছিল, ফখরুল সাহেব এটা প্রমাণ হিসেবে এনেছে।

“আমি ফখরুল সাহেবের কাছে দু-বছর ধরে একটাই প্রশ্ন করে আসছি, চট্টগ্রাম থেকে রাঙ্গুনিয়া হয়ে যে লাশ ঢাকায় এল, এর একটা ছবি দেখান। সেই লাশের একটা ছবি দেখান।”

কাদের বলেন, “লাশ কোথায় পাবেন, লাশ তো পুড়িয়ে ফেলেছে। পাকিস্তানেও বিমান দুর্ঘটনায় নিহত জেনারেল জিয়াউল হকের লাশ পুড়ে গেছে। ওই কফিনেও জিয়াউল হক নেই, এই কফিনেও জিয়াউর রহমান নেই।”

জিয়ার লাশ যারা সরাবে, তাদের কালো হাত ভেঙে যাবে: বিএনপি  

চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর থাকবে কি না, এ নিয়ে সরকারের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “এ নিয়ে আমি কোনেো বিতর্কে যেতে চাই না। কিন্তু আমার বক্তব‌্য হচ্ছে, ওই কফিনে কি কোনো লাশ ছিল?”

‘জিয়া ছিলেন এজেন্ট’

কৃষক লীগের এই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “ক্ষমতা দখলের জন্য পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধানরা হত্যার শিকার হয়েছেন। কোথাও রাষ্ট্র প্রধানদের পরিবারের সকল সদস্যদের হত্যা করা হয়নি। নারী শিশুকে হত্যা করা হয়নি।

“কারণ বঙ্গবন্ধু হত্যা শুধু ক্ষমতা দখলের কারণ ছিল না। এটা ছিল ১৯৭১ সালে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য। পাকিস্তান এবং তাদের পশ্চিমা মিত্র যারা স্বাধীনতা মেনে নিতে পারে নাই, তারাই ষড়যন্ত্র করে এই দেশের এই সমস্ত লোকদের দ্বারা করেছে।”

জিয়াকে অপমান মানে মুক্তিযোদ্ধাদের অপমান: ফখরুল  

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য জিয়াকে দায়ী করে তিনি বলেন, “মূল চক্রান্তকারী ছিল খুনি জিয়াউর রহমান। যেটা বারবার ইতিহাসের পাতায় উঠে এসেছে। জিয়াউর রহমান নিজেই রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রমাণ রেখে গেছেন।”

জিয়ার আমলে বঙ্গবন্ধুর খুনিদের নানা পদ দিয়ে পৃষ্ঠপোষকতার কথাও বলেন হানিফ।

তিনি বলেন, “জিয়াউর রহমান কখনওই মুক্তিযোদ্ধা ছিলেন না। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট। জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিল বলেই বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে।

“বিএনপি নামক যে দলটি পাকিস্তানের আদর্শে গঠন করেছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে মুক্তিযোদ্ধা ছিলেন না, তার প্রমাণ তিনি নিজেই। গোলাম আজমের মতো কুখ্যাত রাজাকারকে উনি দেশে ফিরিয়ে আনলেন। অসংখ্য রাজাকারকে দিয়ে তিনি তার কেবিনেট সাজালেন।

“জিয়াউর রহমান জয়বাংলা স্লোগান নিষিদ্ধ করল। পাকিস্তান জিন্দাবাদ এর আদলে করেছেন বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান যেমন রাজাকার জামাত নেতাদের দিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেছিলেন, তেমনি খালেদা জিয়াও কুখ্যাত রাজাকার নিজামী, আলী আহসান মুজাহিদের গাড়িতেও পতাকা তুলে দিয়েছিল।”

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে এই আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বক্তব্য রাখেন।