‘গুম হওয়া ব্যক্তিদের’ পরিবারের দায় সরকারকে নিতে হবে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গুম হওয়া’ ব্যক্তিদের পরিবারের ‘অসহায়ত্বের দায়’ সরকারকেই নিতে হবে।
সোমবার ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে’ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এই পরিবারগুলোর অসহায়ত্বের দায় কে নেবে? এখানে অনেকে আছেন যে, ৯ বছর ১০ বছর ধরে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
“আমাদের সাবেক এমপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলমসহ আজকে আমাদের পাঁচশরও অধিক নেতা-কর্মী গুম হয়ে গেছেন ৭/৮/৯ বছর ধরে।”
বিএনপি মহাসচিব বলেন, “ইলিয়াস আলীর মেয়ে এখন বড় হয়েছে, সে এখনও দরজার কাছে দাঁড়িয়ে থাকে যে, কখন তার বাবা ফিরে আসবে? বাবা ফিরে আসে না। বাচ্চাদের আহাজারি আপনারা শুনলেন।”
মানববন্ধনে অংশ নেওয়া পরিবারের সদস্যদের অনেকেই নিখোঁজ প্রিয়জনের ছবি হাতে মানববন্ধনে অংশ নেন।
মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, “আপনারা বলেন যে, এখানে এগুলো (গুম) হয় না। তা হলে গেল কোথায়? দায়িত্ব তো আপনাদের। খুঁজে বের করে তাদেরকে তাদের পরিবারের কাছে একে একে ফেরত দিন।
“এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদেরকে তার জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।”
এই অবস্থা থেকে মুক্তির দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আসুন আজকের এই দিনে আমরা গুমের যে কালচার সেই কালচারকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা সবাই সোচ্চার হই।
“আমরা জোর গলায় বলে উঠি যে, বন্ধ কর এবং তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দাও। আমরা অবশ্যই আমাদের এই মানুষগুলোকে ফিরে পেতে চাই, তাদের পরিবারের কাছে যেন তারা ফিরে যেতে পারে।”
‘জনগণের সরকার’ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন আমরা সবাই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে… এই ভয়াবহ দানবীয় সরকার আমাদের ওপর চেপে বসেছে, তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য আমরা কাজ শুরু করি, আন্দোলন শুরু করি।”
বিএনপির মানবাধিকার সেলের উদ্যোগে ‘গুম প্রতিরোধে’ আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই মানববন্ধন কর্মসূচি হয়।
বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গুম হওয়া আনোয়ার হোসেনের মেয়ে রাইসা, মো. সোহেলের মেয়ে সাবা, মো. কাউসারের মেয়ে মীম, সেলিম রেজার বোন রেহানা আখতার মুন্নী, সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি ও খালেদ হোসেনের মেয়ে শাম্মী আখতার নিপা মানববন্ধনে বক্তব্য দেন।
