কোভিডে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা নিয়ে মান্নার সন্দেহ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর যে তথ্য প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার দুপুরে এক মানববন্ধনে তিনি বলেছেন, “সরকার যেগুলো (তথ্য) দেয় সেগুলো কি ঠিক? এরা যখন মনে করে দেশে আন্দোলনের সম্ভাবনা, তখন মৃত্যুর সংখ্যা বেশি আর আক্রান্ত সংখ্যাও বেশি।
“আর অন্য সময় নিজেদের যখন দরকার হয়, তখন কমিয়ে দেয়। সবাই বলে সরকারের হিসাব বিশ্বাস করা যায় না।”
ক্ষমতাসীনদের উদ্দেশে মান্না বলেন, “আপনাদের আমরা বিশ্বাস করি না। মেহেরবানী করে মাফ করে দেন। ক্ষমতা ছেড়ে চলে যান। একটা নিরপেক্ষ সরকার দেন, সেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং যারাই জিতবে... যদি আপনারা জেতেন আপনারা ক্ষমতায় যাবেন।
“আর আপনারা যদি ভোটেই জিততে না পারেন, তারপরে গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন- সেটা তো হবে না।”
গত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, “আমরা এই সরকারের অপসারণ চাই, নির্বাচিত গণতান্ত্রিক সরকার চাই, জনগণের কল্যাণ হয় সেইরকম সরকার চাই। এজন্য আমাদেরকে লড়াই করতে হবে, সেই লড়াইয়ের জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি।”
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, সংকট সমাধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসুন। একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।”
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘ভাত, ভোট ও কথা বলার অধিকারের দাবি’শিরোনামে এই মানববন্ধন হয়।
সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এম এ বাশার বক্তব্য দেন।
