২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবস উপলক্ষে শান্তি পরিষদের সভা

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে সভা করেছে বাংলাদেশ শান্তি পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2021, 07:41 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

‘বঙ্গবন্ধু ও বিশ্ব শান্তি’ শীর্ষক ওই ভার্চুয়াল সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

শান্তি পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় পরিষদের নেতারা বিশ্ব শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

“সভায় বলা হয়, ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াই ছিল না, এ লড়াই ছিল দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের আন্তর্জাতিক মোড়ল যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শান্তিকামী মানুষের লড়াই।”

বিশ্ব শান্তি এবং স্বাধীনতার লড়াইয়ে অবদান রাখার জন্য বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক পাওয়ার কথাও বলেন বক্তারা।

শান্তি পরিষদ বলছে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু দেশকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির দিকে ধাবিত করেন। সেই ধারা অনুসরণ করেই বঙ্গবন্ধুর প্রতি এবং বিশ্ব শান্তির প্রতি সম্মান জানাতে হবে।    

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এই সভায় শান্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান, সভাপতিমণ্ডলীর সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, অধ্যাপক এম এম আকাশ, মাহবুবুল আলম, হাসান তারেক চৌধুরী সোহেল বক্তব্য রাখেন।