গণটিকাদান বন্ধের খবরে হতাশ জাতীয় পার্টি
করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে গণটিকাদান কার্যক্রম বন্ধের সমালোচনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
জি এম কাদের, ফাইল ছবি
“টিকা কর্মসূচিতে পিছিয়ে পড়া বাংলাদেশে গণটিকা কর্মসূচি বন্ধ নয়, আরও জোরদার করতে হবে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে টিকা আমদানিতেও সাফল্য দেখাতে হবে।”
নিবন্ধনের পাশাপাশি গণটিকাদান এই মাসের শুরুতে এক সপ্তাহ চালিয়েছিল সরকার। তবে তাতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার পাশাপাশি টিকার মজুদও কমে আসায় আপাতত আর গণটিকাদান হবে না বলে সোমবারই জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গণটিকাদান পুনরায় শুরুর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান জি এম কাদের।
“গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করে সারা পৃথিবী যখন জীবন যাত্রা স্বাভাবিক করে ফেলেছে, তখনো বাংলাদেশের নাম বিশ্বের মধ্যে টিকা প্রয়োগে পিছিয়ে পড়া দেশের তালিকায়। তাই করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচির বিকল্প নেই।”
চাহিদা অনুযায়ী টিকা পাওয়া নিয়েও সংশয় প্রকাশ করেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি আট কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। এতে দরকার হবে ১৬ কোটি ডোজ করোনার টিকা। কিন্তু ২৩ অগাস্ট ২০২১ পর্যন্ত মোট ২ কোটি ৩৭ লাখ চার হাজার ৮৩৭ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন। ফেব্রুয়ারি মধ্যে প্রয়োজন হবে ১৩ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ১৬৩ ডোজ টিকা। প্রতি মাসে গড়ে অন্তত সোয়া দুই কোটি ডোজ টিকা প্রয়োগ করতে হবে।
“কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে এই বিপুল সংখ্যক টিকা কখন, কোথা থেকে আসবে এবং কিভাবে প্রয়োগ হবে তা উল্লেখ নেই।”
