দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র ইউনিয়নের
দ্রুততম সময়ে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশ থেকে এই দাবিতে আগামী ২৭ অগাস্ট সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাস মহামারীকালে শিক্ষার্থীদের বেতন ও ফি মওকুফ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশন চালু করা , অবিলম্বে ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে সেশনজট রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং সকল শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা ও হেলথকার্ড নিশ্চিত করার দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, “করোনার এই সময়ে দেশে অনেক বড় ধরনের দুর্নীতি হয়েছে। যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, শিক্ষার্থীরা এর প্রতিবাদ করবে, মিছিল, মিটিং করবে। এই ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না।”
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কর্মী শাওন বিশ্বাস, ঢাকা মহানগর সংসদের সদস্য প্রীতম ফকির বক্তব্য দেন।
ছাত্র মৈত্রীর মানববন্ধন
অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এব মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আব্দুল মোতালেব।
তিনি বলেন, “ইতোমধ্যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে দেড় বছরের বেশি সময় নষ্ট হয়ে গেছে। অধিকাংশ কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দুই থেকে তিন বছরের সেশনজট তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়বে তাদের কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রে।
“সরকারের প্রজ্ঞাপনে কেবল ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাদের জন্য চাকরিতে আবেদনের সময়সীমা ২১ মাস বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দায়সারা মনোভাবের বহিঃপ্রকাশ এবং এতে ক্ষতিগ্রস্ত শতভাগ শিক্ষার্থীকে এর আওয়তায় আনা সম্ভব হবে না।”
সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চাকরিতে প্রবেশের বয়সসীমা সবার জন্য বাড়ানোর দাবি জানান কাজী আব্দুল মোতালেব।
ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলোর সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীন আহমেদ, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক সুমাইয়া পারভীন ঝরা, সদস্য এস এম মাইনুল সাগর বক্তব্য দেন।
