শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে রোববার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
এর আগে ভোর পাঁচটায় শ্রদ্ধা নিবেদন করেন জাতির জনকের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, মৎসজীবী লীগসহ নানা অঙ্গ সংগঠন।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা প্রতিরোধ করতে না পারায় তৎকালীন নেতৃত্বের ভূমিকা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দলে জেষ্ঠ্য নেতা উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পঁচাত্তরের ১৫ অগাস্ট শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে বনানীর কবরস্থানে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
