মহামারী: সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন বিএনপির টুকুর
দেশ কোভিডমুক্ত হোক- সরকার তা চায় কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুরে বিএনপির ‘করোনা হেল্প সেন্টারের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন।
বিএনপির ‘করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির’ আহ্বায়ক টুকু বলেন, “এই সরকার দেশ থেকে করোনা যাক এটা চায় না। চাইলে সরকার আরো উদ্যোগ গ্রহণ করত।”
তিনি বলেন, “সরকারের ব্যর্থতা বলে দিনরাতেও শেষ করা যাবে না। যে সরকার জনগণ কর্তৃক নির্বাচিত না, যে সরকার জনগণের রায়ে বিশ্বাস করে না, সেই সরকারের পক্ষে এটা করাই সম্ভব।”
আওয়ামী লীগের বর্তমান সরকারকে ‘আমলা চালিত সরকার’ হিসেবেও বর্ণনা করেন বিএনপি নেতা টুকু।
তিনি বলেন, “তাদের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ পার্লামেন্টে প্রকাশ করেছেন তারা আমলাদের কাছে কত অসহায়। এটার পরে তো আমার বলার কিছু থাকে না।
“তারা(আওয়ামী লীগ) যে কিছু না, ওসি-ডিসি-এসপি গোটা দেশের মালিক। ওরাই তো রাতের বেলা অন্ধকারে ভোট চুরি করে আজকে এই সরকারকে বসিয়েছে। তোফায়েল আহমেদের ওই বক্তব্যে বোঝা যায়, আওয়ামী লীগ দল হিসেবে নাই।”
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মহানগর আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, জেলার সদস্য সচিব কাজী সাইয়েদুল আলম বাবুল, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, মহানগর সদস্য সচিব সোহরাব উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন বক্তব্য দেন।
বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও নির্বাহী কমিটির ডা. মাজহারুল আলমসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
