২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিশ্চিতের দাবি জিএম কাদেরের

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের ‘কঠোর’ লকডাউনে সরকারিভাবে কর্মহীন মানুষের খাদ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 07:24 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বৃহস্পতিবার একে বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় এই উপনেতা।

জিএম কাদের বলেন, “লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারিভাবেই। এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারী করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো।”

বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ‘সর্বাত্মক লকডাউন’ আগামী ৭ জুলাই পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে এর মেয়াদ বাড়তে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিবৃতিতে জি এম কাদের বলেন, “লকডাউনের কারণে যদি একটি শিশুও ক্ষুধার জ্বালায় কাঁদে ও একটি মানুষও না খেয়ে থাকে, তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায় তা হবে জাতির জন্য কলঙ্কজনক।”

লকডাউনে সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকেই আরও কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

“তাই দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারে খাদ্যের অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “পল্লীবন্ধু হুসেইন মুহা্ম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন। তাই জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে সচেষ্ট থাকুন।”