২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণোদনার নামে মানুষকে বোকা বানিয়েছে সরকার: ফখরুল

মহামারীর মধ্যে দরিদ্র জনগোষ্ঠির সহায়তায় কিছু না করে সরকার প্রণোদনার নামে মানুষকে বোকা বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 07:43 PM

Updated : 02 Aug 2022, 05:53 PM

বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপনের আগের দিন বুধবার দুপুরে এক দোয়া মাহফিলে তিনি বলেন, “করোনার এই দুঃসময়ে অর্থনীতিকে সচল রাখতে হলে সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে ‘দিন আনে দিন খায়’ মানুষের জন্য সহায়তা। পত্র-পত্রিকায় বেরিয়েছে যে, করোনা মহামারীর ফলে দরিদ্র হয়ে গেছে, দারিদ্র্যসীমার নিচে এসেছে আড়াই কোটি মানুষ। আগের দরিদ্র তিন কোটি। তার মানে প্রায় ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে।

“এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে তার পারচেজিং পাওয়ার মিনিমামটা থাকতে হলে অবশ্যই এই মানুষগুলোর কাছে টাকা পাঠাতে হবে। অর্থনীতিবিদরা বলেছেন, ক্যাশ ট্রান্সফার করতে হবে। সেটা তারা (সরকার) করছে না। এখনও তারা একইভাবে তেলা মাথায় তেল দিচ্ছে, অর্থাৎ যাদের ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আবারও প্রণোদনা দিচ্ছে। দিন আনে দিন খায় মানুষ তাদেরকে কিছুই দিচ্ছে না।”

তিনি বলেন, “সরকার যে প্রণোদনা দিয়েছে সেই প্রণোদনা কীসের? মানুষকে তারা বোকা বানিয়েছে। ব্যাংক থেকে লোন নিতে হবে সকলকে। ব্যাংক থেকে লোন নিলে সরকারের কী দরকার? ব্যাংক থেকে নেবে। এটা প্রণোদনা হলো কোত্থেকে? এটা প্রণোদনা নয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে শোধ করতে হবে।

“আমরা প্রস্তাবনায় বলেছিলাম, দিন আনে দিন খায় মানুষগুলোকে ১৫ হাজার টাকা করে তিন মাস অনুদান দিতে হবে। কিন্তু সেটা করা হয়নি।গত কয়েকদিন আগে পত্রিকায় উঠেছে গাইবান্ধার একজন কৃষক সবজি চাষ করে বলেছে যে, ভাই বিক্রি হচ্ছে না। কারণ ট্রাক যায় না, ট্রাক আসে না- সরকারের কোনো ব্যবস্থা নেই। এর চেয়ে আমাদেরকে মেরে ফেললে ভালো হতো। তাহলে কাকে প্রণোদনা দিচ্ছে? আপনাদের লোকগুলোকে, যারা লুট করছে, দেশের অর্থনীতিকে একেবারে শূন্যের পর্যায় নিয়ে গেছে তাদেরকে।”

মির্জা ফখরুল বলেন, “আগামীকাল বাজেট দিতে ‍যাচ্ছে এই সরকার। আজকে মুস্তফা কামাল (অর্থমন্ত্রী) সাহেব একটি পত্রিকায় ইন্টারভিউতে বলেছেন, সব ধরনের মানুষকে মাথায় রেখে বাজেট করছেন। মুস্তফা কামাল সাহেব ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসাটা ভালো বোঝেন। অর্থনীতি কতটুকু বোঝেন তার নিদর্শন আমরা খুঁজে পাইনি।”

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের উদ্যোগে এই আলোচনা সভা হয়।

আলোচনায় জিয়াউর রহমানের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বার ইউনিটের সভাপতি মাসুম আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক কায়সার কামাল, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার মো. হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নেতারা ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতে কামনা করে দোয়া করা হয়।