করোনাভাইরাসের ‘ভ্যারিয়েন্ট’ সংক্রমণ নিয়ে বিশদে জানানোর দাবি রওশনের
বাংলাদেশে করোনাভাইরাসের পরিবর্তিত যেসব ধরন পাওয়া গেছে, সে বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রওশন এরশাদ।
এসব ধরন মোকাবলায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাদেশে করোনাভাইরাসের অতি সংক্রামক চারটি রূপ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার পর্যন্ত ২৬৩টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ১৪০টিতে চারটি ধরন পাওয়া গেছে বলে জানিয়েছেন আইইডিসিআর।
চীনে প্রায় দেড় বছর আগে মানুষে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস রূপ বদল করে চলছে।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা রওশন বলেন, “করোনা মহামারী মানুষের সর্বক্ষেত্রে উন্নতি ও অগ্রযাত্রাকে স্থবির করে দিচ্ছে। সরকারের নীতি, কৌশল এবং কার্য সম্পাদনের মাধ্যমে করোনা মহামারী মোকাবিলা ও জনগণকে সহায়তায় সরকার কাজ করলেও পার্শ্ববর্তী দেশগুলোর মতো চিকিৎসা ব্যবস্থায় বিপজ্জনক বিপর্যয়ের অবস্থা থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকারকে এখনই জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
বিরোধীদলীয় নেতা প্রত্যেক জেলায় করোনাভাইরাস মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের আহ্বান জানান। দেশীয় শিল্প-প্রতিষ্ঠানের মাধ্যমে ওষুধ, মাস্ক, স্যানিটাইজার, টেস্টিং কিট, পিপিই পোশাক উৎপাদন ও আমদানির নির্দেশনা দিতেও সরকারকে অনুরোধ জানান তিনি।
হাসপাতলে চিকিৎসা ব্যায় কমাতে ভর্তুকি বাড়ানোর দাবিও জানান রওশন। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও তিনি জানান।
