তথ্য প্রযুক্তিতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ আওয়ামী লীগের উপকমিটির
আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেটে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়াতে সরকারকে সুপারিশ করেছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।
ক্ষমতাসীন দলটির উপকমিটির পক্ষ থেকে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব মো. আবদুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদূরপ্রসারী পরিকল্পনায় একটি তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিতে আমরা নিজেদেরকে প্রস্তুত করছি।
“এরই ধারাবাহিকতায় আইসিটি খাতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কিন্তু আমরা চাই এই সাফল্যের ধারা যেন আরো ত্বরান্বিত হয়। সে জন্য বাজেটে আইসিটি খাতে বরাদ্দ আরো বৃদ্ধি করা প্রয়োজন।”
চিঠিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা সরাসরি মাঠ পর্যায়ে জনগণের সেবা দিচ্ছেন, তাদের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে সরকারিভাবে কিছু প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়া দেশের শিক্ষিত তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে পারলে স্ব-কর্মসংস্থান তৈরি হবে ও আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।
দেশীয় সফটওয়্যার শিল্পের বিকাশে দেশীয় সফটওয়্যার কেনায় কর ছাড় নীতিমালা প্রণয়ন করা এবং বিকাশমান স্টার্টআপগুলোতে সরকারের বিনিয়োগ বাড়ানোর সুপারিশও করা হয়।
