বিএনপির রাজনীতিবিদ বেশিরভাগই ‘ভাড়া করা’: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রথম সারির রাজনীতিবিদরা বেশিরভাগই ভাড়া করা।
রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “বিএনপির জন্ম অবৈধভাবে। বিএনপির যেসব রাজনীতিবিদ আজ উচ্চ গলায় কথা বলেন, এদের বেশিরভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা অন্যান্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন।
“তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম।”
বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “ফখরুল বলেছেন কথা বলার অধিকার নেই। সকালে একবার সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন, বিকেলে একবার বিষোদগার করেন। আর বলেন কথা বলার কোনো অধিকার নেই। এটা হাস্যকর।”
বিএনপি নেতাদের ‘বিষোদগার’ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “সরকার ভয়ের রাজত্ব কয়েম করেছে বলে ফখরুল দাবি করেছেন। বাংলাদেশে যেভাবে অবাধে মানুষ মত প্রকাশ কবছে এবং বিএনপির নেতারা যেভাবে সকাল, বিকাল, সন্ধ্যাবেলা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে, দেশ-বিদেশ থেকে যেভাবে অমূলক সমালোচনা করা- এটি অন্য কোনো দেশে কতটুকু করা হয় সাংবাদিকরা ভালোভাবেই জানেন। এভাবে সমালোচনা কোনো দেশেই হয় না।
“বিএনপি বাংলাদেশে খুনের রাজনীতি কায়েম করেছিল। জিয়ার স্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা হয়েছে। বিরোধীদল সরকারের সমালোচনা করবে কিন্তু যে ভাষায় যেভাবে অসত্য ভাষণ দিয়ে প্রতিনিয়ত সমালোচনা করা হয় এটি গণতান্ত্রিক রীতিনীতি বহির্ভূত।”
হাছান মাহমুদ বলেন, “জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে শুধু যুক্ত ছিল তা নয়, বঙ্গবন্ধুর খুনিদের দেশে-বিদেশে পুনর্বাসিত করেছিল, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার বিচার না হওয়ার জন্য সংসদের ইনডেমনিটি বিল পাস করেছিল।”
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সবচেয়ে বেশি সুবিধা জিয়াউর রহমান ও তার পরিবার পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, “জিয়া ক্ষমতা দখল করার পর ক্ষমতাকে নিষ্কটক করার জন্য সশস্ত্র বাহিনীর হাজার হাজার জওয়ান ও অফিসারকে হত্যা করেছিল। দিনের পর দিন কারফিউ দিয়ে দেশে কাউফিউতন্ত্র কায়েম করেছিল, এরপরও জিয়া নিজে রক্ষা পাননি।
“যে সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিলেন, সেই সেনাবাহিনীর হাতেই হত্যার শিকার হন। এভাবে হত্যা করে নিজে রক্ষা পায় না, সেটার প্রমাণ হচ্ছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড।”
আরও খবর
