২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় বিএনপি ‘ফিনিক্স পাখির’ মতো জেগে উঠেছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ বাংলাদেশকে ‘তাবেদার রাষ্ট্র’ বানানোর ষড়যন্ত্র চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 10:48 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

পুরনো খবর:

বিএনপি ‘ইতিবাচক’ হতে পারেনি: কাদের
আগে নিজেদের ‘কালো টাকা সাদা’ করার জবাব দিন: বিএনপিকে হাছান মাহমুদ

শনিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘‘১৯৮১ সালের ৩০ মে যারা তাকে (জিয়াউর রহমান) হত্যা করেছিল তারা ছিল বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের মানুষের শত্রু, বাংলাদেশের যে উত্থান হয়েছিল, সেই উত্থানের শত্রু।

“তারাই আজকে, ২০০৬ সালের ১/১১ থেকে সক্রিয় হয়ে উঠে আবার বাংলাদেশকে ওই একই জায়গায় নিয়ে যেতে চায়। তারা বাংলাদেশের যে আইডেনটিটি, সেই আইডেনটিটিকে ধবংস করতে চায়। যে কথা আমাদের নেতাও বলেছেন যে, এই দেশটাকে তারা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। সেটারই এখানে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।”

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগের লোকেরা, বাংলাদেশের শত্রুরা মনে করেছিল যে, বিএনপি শেষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর থেকে এই বিএনপি থাকবে না।

“বিএনপির রাজনীতি তো হচ্ছে এই দেশের মানুষের বুকের ভেতরের রাজনীতি, মাটির রাজনীতি। এটা বিএনপি ধারণ করে এবং সব সময় বিএনপি সেই ‘ফিনিক্স পাখির’ মতো জেগে উঠেছে এবং চতুর্দিকে আবার বিস্তার লাভ করেছে।”

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখার কারণ তুলে ধরে তিনি বলেন, ‘‘একটি মাত্র কারণ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ জিয়ার যে পতাকা, স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে নিয়ে তিনি সেই গ্রামে-গঞ্জে নিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে তুলেছেন।

“সেজন্যই দেশনেত্রীকে গ্রেপ্তার করে আটক করে রাখা হয়েছে। আজকে অসুস্থ হওয়ার পরও তাকে বিদেশে চিকিৎসা করাতে যেতে না দেয়ার সেটাই কারণ। যেন তিনি কোনো মতেই সুস্থ হয়ে আবার জনগণের সামনে আসতে না পারেন।“

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন ‘ক্ষণজন্মা দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক’ হিসেবে অবহিত করে তার নেতৃত্বে ‘বিপ্লব’ সৃষ্টির নানা ঘটনা প্রবাহও তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের সঞ্চালনায় সারাদেশের ৮১টি সাংগঠনিক জেলার নেতারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়াসহ প্রবাসী শাখার নেতারা ভার্চুয়াল এই আলোচনায় যুক্ত ছিলেন।

আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার জীবন-কর্ম নিয়ে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরো বক্তব্য দেন ঢাকা মহানগরের হাবিব উন নবী খান সোহেল, এম এ কাইয়ুম, ঢাকা জেলার ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, চট্টগ্রাম মহানগরের ডা. শাহাদাত হোসেন, দক্ষিণের মোস্তাক আহমেদ খান, বরিশাল দক্ষিণের এবায়দুল হক চাঁন, রাজশাহী মহানগরের মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনা জেলার শফিকুল আলম মনা, রংপুর মহানগরের সাইফুল ইসলাম, ময়মনসিংহ উত্তরের অধ্যাপক একেএম শফিকুল ইসলাম ও দক্ষিণের ডা. মাহবুবুর রহমান লিটন, যশোরের অধ্যাপক নার্গিস বেগম, কুমিল্লা দক্ষিণের হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও উত্তরের আখতারুজ্জামান সরকার, ফেনীর শেখ ফরিদ বাহার, হবিগঞ্জের জি কে গউস, সুনামগঞ্জের কলিমউদ্দিন আহমেদ মিলন, কক্সবাজারের শাহজাহান চৌধুরী, ফরিদপুরের সৈয়দ মোদারেস আলী ইছা, নওগাঁয়ের হাফিজুর রহমান, ঠাকুরগাঁওয়ের তৈমুর রহমান।

এছাড়া সভায় দলের অঙ্গসংগঠন যুব দলের সাইফুল আলম নিরব, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন ও ছাত্র দলের ইকবাল হোসেন শ্যামল বক্তব্য দেন।

‘‍দুঃস্থ-পথকলিদের খাবার বিতরণ’

শনিবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদপুর হটিকালচারের কাছে দুঃস্থ ও পথকলিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

পরে মোহাম্মদপুর টাউন হল, ধানমণ্ডি তাকওয়া জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট মাজার ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন অসীম ও শামীমুর রহমান শামীম, ফাউন্ডেশনের অধ্যাপক মোর্শেদ হাসান খান, আনোয়ারুন্নবী মজুমদার বাবলা, মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।