২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক তাণ্ডবের পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজন পণ্ড করতে ঢাকা-চট্রগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডব চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2021, 04:59 PM

Updated : 02 Aug 2022, 05:35 PM

শনিবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান সফলভাব সম্পন্ন হওয়ায় বিএনপির গাত্রদাহ।সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালা পণ্ড করতে গতকাল ঢাকা-চট্টগ্রাম-ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক। গতকাল জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভিতরে সাম্প্রদায়িক গোষ্ঠী যে তাণ্ডবলীলা চালায়, এই ধৃষ্টতার জবাব জনগণ অবশ্যই দেবে।

“স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপির স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন দায়সারা এবং লোক দেখানো আনুষ্ঠানিকতা। তারা মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছে।”

কাদের বলেন, “প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়- বিএনপি নেতাদের এমন কথা শুনলে হাসি পায়। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ঢাকা সফরকালে হরতাল আহ্বান এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ না করার অসৌজন্যতা ভারতের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি।

“গত কয়েকদিন ধরে বিএনপি তার দোসরদের দিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে, অথচ বিএনপিই মোদী সরকারের বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসের দরজায় পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আর সময়ে ভারত প্রীতি বিএনপির রাজনীতির দ্বি-চারিতাকেই স্পষ্ট করে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “ক্ষমতা পেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের কিন্তু জনগণের ভালোবাসা এবং  আস্থা অর্জনের রাজনীতি চিরকালের। বঙ্গবন্ধু এমন রাজনীতিই করে গেছেন, যার ধারাবাহিকতায় মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন তারই কন্যা শেখ হাসিনা।”

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

সাতদিনের মধ্যে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দিতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।