ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত সারা দেশের নেতাকর্মীরা
সারা দেশের নেতাকর্মীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার বিকাল ৩টায় শুরু হয় এই ভার্চুয়াল আলোচনা, শেষ হয় রাত সাড়ে ৯টায়।
রাজধানীর নয়া পল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিস থেকে টানা ৬ ঘণ্টার এই ভার্চুয়াল আলোচনা পরিচালনা করা হয়। সারা দেশের জেলা কমিটির কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হয়ে এই আলোচনায় যুক্ত হন, ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ক্রিনে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সরাসরি দেখানো হয়।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় ভার্চুয়াল এই আলোচনায় ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুর রহমান মিলন, নাজিমউদ্দিন আলম, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, এবিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজিব আহসান, আকরামুল হাসান বক্তব্য রাখেন।
