করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করছে সরকার: রিজভী
সরকার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তথ্য গোপন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কোভিড-১৯ আক্রান্তের সংখ্যার বাড়ার বিষয়টি তুলে ধরতে গিয়ে বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে। প্রতিদিনই হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
“করোনা নিয়ে সরকার তথ্য গোপন করে অতি সামান্য আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রকাশ করছে।”
রিজভী বলেন, “প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতা-মন্ত্রীরা নিরাপদে আইসোলেশনে থেকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। আর সাধারণ মানুষ বিনা চিকিৎসায় ভেন্টিলেটর, অক্সিজেন, হাসপাতালের বেড ইত্যাদির অভাবে কাতরাচ্ছে। ঢাকাসহ কোথাও আইসিইউ খালি নেই।”
“অক্সিজেনের অভাবে মায়ের কোলেই সন্তান মারা যাচ্ছে। আপনারা ঠাকুরগাঁওয়ে দেখেছেন বাচ্চা দুইটা কিভাবে মায়ের কোলে মারা গেছে? বিভিন্ন হাসপাতাল থেকে করোনা রোগীকে ফেরত দেওয়া হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকারের কোনোই দায়িত্ব নেই। সরকার যেন চোখ বুঝে ধ্যান করছে।”
মহামারীতে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের করুণ অবস্থা তুলে ধরে রিজভী বলেন, “শিক্ষার হাব খ্যাত দেশগুলো যেমন গ্রেট বৃটেন, ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকাসহ কোনো দেশেই আজকের বাস্তবতায় অটো পাস দেওয়া হয়নি। সকল দেশেই শিক্ষার্থীর মেধার মূল্যায়নের জন্য পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষাই রাখা হয়েছে, অন্য কিছু নয়।
“বাংলাদেশ চলছে সম্পূর্ণ উল্টো পথে, উল্টো রথে। সব চলছে করোনাভাইরাসের অজুহাতে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখা হয়েছে। সরকার সারাক্ষণ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিচ্ছে। তাহলে বাসায় থেকে বা অন্য কোনেো বিকল্প পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীরা পড়াশোনা অব্যাহত রাখতে পারে সে ব্যাপারে সরকার কি আদৌ কোনো পরিকল্পনা হাতে নিয়েছে? তা নেয়নি। তা না করে অটোপাস আর ফটোকপির পাস এসব করে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।”
বিজয় দিবসের প্রথম প্রহরে গোপীবাগে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় দৃর্বৃত্তদের হামলার নিন্দা জানান রিজভী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, এম এ খালেক, মহানগর নেতা নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, এম এ সাদেকুর, তাইজ উদ্দিন, আজিজুর রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
