২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে ‘সংগ্রাম অব্যাহত রাখার’ শপথ বিএনপির

বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম’ অব্যাহত রাখাই হবে তাদের এবারের শপথ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 01:07 PM

Updated : 10 Oct 2022, 07:39 PM

তিনি বলেছেন, “আমাদের বাক স্বাধীনতা নেই, মৌলিক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। অধিকারকে হরণ করা হয়েছে। আজকে আমরা বিজয় দিবসে সেজন্য শপথ গ্রহণ করেছি স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা জানিয়ে।”

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৯তম বার্ষিকীতে বুধবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব।

মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা সকাল ৯টার পর স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, অবশ্যই এদেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। অবশ্যই আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, “মুক্তি আমাদের মেলেনি, সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি৷”

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শেরেবাংলা নগরে গিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন বিএনপি নেতারা।

মির্জা ফখরুল সেখানে বলেন, “আজকে দেশে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যে জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে যে, আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্রকে মুক্ত করবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে…।

“তাই একটি নিরপেক্ষ সরকারের নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ গ্রহণ করেছি।”

মির্জা ফখরুল বলেন, একাত্তরে যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিল বাংলাদেশের মানুষ, তা ছিল ‘গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা’ প্রতিষ্ঠা করার চেতনা।

“দুর্ভাগ্য আমাদের, ১৯৭৪-৭৫ সালে আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। আজকে দীর্ঘ ১০ বছর তারা জোর করে ক্ষমতায় বসে আছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তার যে স্বাধীনভাবে কথা বলার অধিকার, সংবাদপত্রের যে স্বাধীনতা, তাকে ধ্বংস করে দিয়ে আজকে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করছে।”

ফখরুলের ভাষায়, “আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে।”

আওয়ামী লীগের সরকারকে একটি ‘ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সরকার’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব।

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা।

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমিনুল হক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শহীদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল, আকরামুল হাসানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরে মহানগরের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশারসহ নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।