বিএনপির ‘প্রশ্রয়ে’ স্বাধীনতাবিরোধীদের আস্ফালন: হাছান মাহমুদ
যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীকে বিএনপি ‘আশ্রয়-প্রশ্রয় দিয়েছে’ বলেই স্বাধীনতাবিরোধী অপশক্তি এখন ‘আস্ফালনের চেষ্টা’ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন বলে তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, “দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, যারা বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতা ছিল, তারা স্বাধীনতাবিরোধী অপশক্তিকে সহযোগিতা করছে।
“দলগতভাবে স্বাধীনতার বিরোধিতাকারী, বুদ্ধিজীবী হত্যার নীলনকশা প্রণয়নকারী, আলবদর বাহিনী গঠনকারী, নারী নির্যাতনের সাথে যুক্ত জামায়াতে ইসলামীকে জোটসঙ্গী করে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কারণেই এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তি আস্ফালন করার অপচেষ্টা করে। ঐক্যবদ্ধভাবে এদের রুখতে হবে।”
শহীদ বুদ্ধিজীবী দিবসে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংস্কৃতিবিরোধী অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান।
সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন হাছান মাহমুদ।
সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও সেদিন যারা বুদ্ধিজীবী হত্যার নীলনকশা এঁকেছিল, সেই জামায়াতে ইসলামী ও তাদের দোসর-অনুসারীরা এখনেও বাংলাদেশে সক্রিয়।
“সেদিন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের কাফের, ইসলামবিরোধী বলে ফতোয়া দিয়েছিল, তারাই আজকে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে। জাতির স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধীদের এ ধরনের আস্ফালন মেনে নেওয়া যায় না। তাই এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
