২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে হত্যা: ২১ ডিসেম্বর বিএনপির ‘কালো’তে প্রতিবাদ

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আগামী ২১ ডিসেম্বর কালো দিবস পালন করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 07:14 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

ওই দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের সঙ্গে বিএনপি নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণের পাশাপাশি কালো পোশাকও পরবেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সভায় নেওয়া এই সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, “জাতীয় স্থায়ী কমিটির সভায় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে আগামী ২১ ডিসেম্বর সারাদেশে কালো ব্যাজ ধারণ অথবা কালো পোশাক পরিধান এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সকল মহানগর ও জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

ভারত সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা বেড়ে যাওয়ার জন্য সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন বিএনপি মহাসচিব।

“বর্তমান অনির্বিাচিত নতজানু সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীন ভাবে চলছে বলে স্থায়ী কমিটি মনে করে। মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড ঘটার পরেও সরকারের নির্বিকার ভুমিকা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে বলে মনে করা হয়।”

গত ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এই ভার্চুয়াল বৈঠকে মহাসচিব ছাড়াও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহুমদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

স্থায়ী কমিটির বৈঠকে সদ্য প্রয়াত দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নির্বাহী কমিটির সদস্য মামুনুর রহমান, বেগম নুরজাহান ইয়াসমীন, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার, সাবেক সচিব শহিদুল আলম, দৈনিক সংবাদের সম্পাদক খন্দকার মনিরুজ্জামানসহ কোভিড-১৯সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া ব্যবসায়ী, রাজনৈতিক নেতা-কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

২০ দলীয় জোটের নেতা, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন বিএনপি মহাসচিব ফখরুল।

মুক্তাঙ্গনে বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া

ঢাকার মুক্তাঙ্গন এলাকায় সোমবার দুপুরে বিএনপির নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তিন থেকে চারশ বিএনপিকর্মী প্রেস ক্লাব থেকে এসে মুক্তাঙ্গনে জড়ো হয়। এসময় তারা সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান শুরু করে।

“মিছিলটি পল্টন মোড়ে আসে এবং চারিদিকে যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়”

মিছিলের নেতৃত্বে কারা ছিলেন- জানতে চাইলে ওসি বলেন, “এদের মধ্যে নামকরা কোন নেতা ছিলেন না।”

ঘটনাস্থল থেকে কাউকে আটকও করেনি পুলিশ।