আমরা ধর্ম ভালবাসি, গোঁড়ামি পছন্দ করি না: জি এম কাদের
হেফাজতে ইসলামসহ ধর্মীয় সংগঠনগুলোর ভাস্কর্য বিরোধিতার সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেছেন, “সাম্প্রদায়িকতা বাঙালি জাতির ঐতিহ্য নয়। আমরা ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসি। কিন্তু ধর্মের গোঁড়ামিকে আমরা পছন্দ করি না।”
শহীদ বুদ্ধিজীবী দিবসে সোমবার সকাল ১১টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
জি এম কাদের বলেন, ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করতে গিয়ে হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসসহ ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি চর্চাকে দাঁড় করিয়েছেন ধর্মের মুখোমুখি।
“মূর্তি বানানো, ছবি তোলা, গান, নাটক বা হিজাব না পরা তা স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার সাথে চলমান। কিন্তু এর বাইরে কেউ কিছু চাপিয়ে দিতে চাইলে তা জনগণ কখনোই গ্রহণ করেনি। যারা আমাদের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছে তা বাস্তবসম্মত নয়, জনগণের মনের কথা নয়।”
ভাস্কর্য বিরোধিতায় মৌলবাদীদের আস্ফালন 'সমন্বিত ষড়যন্ত্রের ফসলও' হতে পারে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
“আমরা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না, দেশের মানুষকে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি দিতেই আমরা রাজনীতি করি। কোনো ষড়যন্ত্র থাকলে তা বের করে সমাধানের দায়িত্ব সরকারের।”
যারা বাঙালি সংস্কৃতিকে ধারণ করে না তারা কখনও দেশের নীতি-নির্ধারক হতে পারে না বলেও মন্তব্য করেন জি এম কাদের।
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “শোষণ, নির্যাতন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে চেতনায় দেশের সূর্য সন্তানরা জীবন দিয়েছেন, তা অর্জনের জন্য আগামী দিনে আরও সংগ্রাম করতে হবে।”
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটনসহ কেন্দ্রীয় নেতারা।
