২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবী দিবসে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার’ শপথ বিএনপির

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দিনে ‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার’ শপথ নিচ্ছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 12:30 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান মির্জা ফখরুল। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ সময় তার সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে গ্রহণ করছি। এই দিনে আমরা শপথ গ্রহণ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।” 

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।… মুক্তিযুদ্ধের চেতনাকে আজ ধ্বংস করে ফেলা হয়েছে।”

কারাগারে বন্দি দলের নেতাকর্মীদের মুক্তি দাবি করে ফখরুল বলেন, “মুক্ত বাকের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই।”