২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুগত না হয়ে রেফারির ভূমিকায় আসুন: নির্বাচন কমিশনকে প্রিন্স

সরকার ও ক্ষমতাসীনদের অনুগত না হয়ে নির্বাচন কমিশনকে ‘রেফারি’র ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2020, 05:48 PM

Updated : 10 Oct 2022, 07:37 PM

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অসুস্থতায় দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনকি সম্পাদক প্রিন্স সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন।

আগামী ১০ ডিসেম্বর দেশের ১০টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সামনে রেখে এই ব্রিফিং করেন তিনি।

ক্ষমতাসীনদের বাধার কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হচ্ছে না বলে অভিযোগ করেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, “স্থানীয় সরকারের নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, নেতা-কর্মীদের নিয়মিত হুমকি-ধমকি, ভয়-ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি পু্লিশি তল্লাশি চালানো হচ্ছে। আমাদের প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প রাতের অন্ধকারে আওয়ামী লীগের কর্মীরা ভেঙে ফেলছে। বিভিন্ন জায়গায় এজেন্টদেরও হুমকি দেওয়া হচ্ছে।

“এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ক্ষমতাসীনদের প্রতিবন্ধকতার কারণেই স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনে ভোটের কোনো সুষ্ঠু পরিবেশ নেই।”

সব প্রার্থীকে প্রচার-প্রচারণায় সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “নির্ভয়ে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে নিজ বিবেচনায় ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দিতে হবে।

“আমরা বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানাচ্ছি। জনগণের মধ্যে বিরাজমান ভোট আতঙ্ক নয়, ভোট উৎসব সৃষ্টি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।”

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর, ফরিদপুর, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় বিএনপির প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্রিন্স।

একইসঙ্গে কুষ্টিয়া ও মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুর, কু্ষ্টিয়ার জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মাগুরার যুগ্ম আহ্বায়ক মো. আখতার হোসেনের বাড়িতে হামলার ঘটনাও নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে বলে জানান এমরান সালেহ প্রিন্স।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মীর সরফত আলী সপু, আবদুল কালাম আজাদ, আবদুস সালাম আজাদ, এম এ খালেক, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, উলামা দলের শাহ নেছারুল হক উপস্থিত ছিলেন।