আ. লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ডন-শামীম
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হলেন আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আবদুল আউয়াল শামীম।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনা ‘জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে’ আজিজুস সামাদ আজাদ ডন ও সৈয়দ আবদুল আউয়াল শামীমকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।
স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ ডন। আবদুল আউয়াল শামীম ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত বছরের ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাতে নবম বারের মতো সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন ওবায়দুল কাদের।
এর কয়েক দিন পর ২৬ ডিসেম্বর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে ধর্ম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং দুটি কেন্দ্রীয় সদস্য পদ তখন খালি ছিল। কিছু দিন আগে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এদিকে মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুটি পদ শূন্য হয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় সদস্য সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও মারা গেছেন। ফলে কেন্দ্রীয় কমিটির আরও তিনটি পদ এখন খালি রয়েছে।
