কারাগারে গেলেন মীর নাছির
দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তিনি রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এ এস এম রুহুল ইমরান কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই মামলায় দণ্ডিত মীর নাছিরের ছেলে মীর হেলাল উদ্দিন গত ২৭ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়েছিল।
জরুরি অবস্থার সময় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলা করে।
এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই রায়ে মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেয়।
রায়ের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করেন। হাই কোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেয়।
হাই কোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদন করে।
আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই এক রায়ে হাই কোর্টের রায় বাতিল করে পুনরায় হাই কোর্টেই বিচার করার নির্দেশ দেয়।
সে নির্দেশে পুনরায় শুনানি শেষে গত বছর ১৯ নভেম্বর রায় দেয় হাই কোর্ট। এবার রায়ে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়।
হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় চলতি বছরের ৬ জানুয়ারি। ১৫৯ পৃষ্ঠার এ রায়ে তাদের রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।
কিন্তু তারা সে কাজটি না করেই হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করলে সে আবেদন খারিজ করে দেয়।
ফলে মীর নাছির ও হেলাল দুজনকেই বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হয়। আর সেখান থেকে তাদের কারাগারে পাঠানো হল।
চট্টগ্রামের সাবেক মেয়র মীর নাছির বিএনপি-জামায়াত জোট সরকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য।
