গণতন্ত্রকে নির্বাসন দিয়ে মাস্তানতন্ত্র কায়েম হয়েছে: প্রিন্স
মানুষের মৌলিক অধিকারের পথ সংকুচিত করে দেশে স্বাধীনতা পরবর্তিকালের মতো ‘ভয়াবহ দুঃশাসন’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা করতে মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রিন্স বলেন, “আজ দেশবাসী চরম এক দুঃসময়ে এই দিবসটি পালন করতে যাচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতাসহ সকল মৌলিক অধিকারের পথ সংকুচিত করে চলছে স্বাধীনতা পরবর্তিকালের মতো ভয়াবহ দুঃশাসন। জনগনের কা্ছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়ে নির্বাচন ও গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়ের করা হয়েছে।”
সদ্য উদ্ধার হওয়া চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয় তুলে ধরে তিনি বলেন, “সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর নির্যাতন এবং স্বাধীন ও সাহসী সাংবাদিকতার কন্ঠরোধে ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতার বাস্তব প্রমাণ এ ঘটনা। গণমাধ্যমে সার্বিক বর্তমান ভয়াবহ অবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠেছেস সাংবাদিক গোলাম সারোয়ারের আর্তনাদে।গোলাম সারোয়ারকে অপহরণ করা হয়েছিল ক্ষমতাসীন প্রভাবশালীদের জমি দখল, অনিয়ম, দুর্নীতি, নির্যাতনের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশের জন্য। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
“এটি স্বাধীন মত প্রকাশের ওপর ক্ষমতাসীনদের দমন-পীড়নেরই ধারাবাহিকতা। সম্প্রতি পটুয়াখালীর বাউফলে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা তার পছন্দমতো কাজ না করায় উপজেলা কৃষি অধিদপ্তরের একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করে। প্রতিনিয়ত এই ধরনের ন্যাক্কারজনক ও পেশীশক্তির ঘটনা ঘটছে। বিএনপির পক্ষ থেকে আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং গোলাম সারোয়ার অপহরণ ও নির্যাতনকারী প্রকৃত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
স্বাধীন সাংবাদিকতা সরকার ও ক্ষমতাসীনদের ‘প্রচ্ছন্ন হুমকি’র মধ্যে রয়েছে বলেও উল্লেখ করে তিনি বলেন, “সরকারের সর্বোচ্চ জায়গা থেকে বিভ্রান্তিকর কথা বলে একদিকে যেমন স্বাধীন সাংবাদিকতার পেশাকে প্রচ্ছন্ন হুমকির মুখে ফেলে দেয়া হচ্ছে, পাশাপাশি মাস্তানতন্ত্রের স্টেক হোল্ডারদেরকে সত্য প্রকাশে বাধাসহ দমনপীড়নে উৎসাহিত করা হচ্ছে। সাংবাদিক নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
“আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে এ বছরের প্রথম নয় মাসে রাষ্ট্রীয় ও ক্ষমতাসীন দলীয় বাহিনী দ্বারা ২০৯ জন সাংবাদিককে হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ৮১ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা আইনে মামলা হয়েছে। হত্য্যর হুমকি দেওয়া হয়েছে ২৩ জন সাংবাদিককে, নিহত হয়েছেন একজন সাংবাদিক। এসবের প্রকৃত সংখ্য্যা আরও বেশি জানা যায়।”
প্রিন্স ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি হচ্ছে ওইদিন নভেম্বর ভোর ৬টায় বিএনপির নয়া পল্টনসহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে স্থায়ী কমিটির সদস্যরা, দুপুর ১২টায় ঢাকা মহানগর দক্ষিণ, সাড়ে ১২টায় মহানগর উত্তর ও অঙ্গসংগঠনের পুষ্পমাল্য অর্পণ এবং বিকাল তিনটায় ভার্চুয়াল আলোচনা সভা।
একইভাবে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা পর্যায়ে কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করবে।
দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করছে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, নির্বাহী কমিটির সদস্য একেএম আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
