ক্ষমতাসীনদের ‘সর্বময় ক্ষমতা’ দিতে আইন হচ্ছে: বিএনপি
নির্বাচন কমিশনের প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন-২০২০ ক্ষমতাসীন দলকে ‘সর্বময় ক্ষমতা’ দিতে করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।
তিনি বলেন, “আমরা জানি যে, এই নির্বাচন কমিশন কোনো কথাই শোনে না। তাদের যে দায়িত্ব সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করা, সেই কাজই করে যাচ্ছে তাদের (নির্বাচন কমিশন) গঠনের পর থেকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইনের তারা যে প্রস্তাব দিয়েছে- এটা অত্যন্ত একটা অসৎ উদ্দেশ্যেই তারা এই আইনের প্রস্তাব করেছেন।
“এর উদ্দেশ্য ও লক্ষ্য একটাই যে, সরকারি দলকে সর্বময় ক্ষমতা দিয়ে দেওয়া এবং নির্বাচন কমিশনকে একটা ঠুটো জগন্নাথে পরিণত করা। এই নির্বাচন কমিশন তো কোনো রকমের পরিবর্তন হয়নি। উপরন্তু তারা আইন করে বিভিন্নভাবে এই সরকারের যাদের কোনো ম্যান্ডেট নেই, তাদের হাতকে শক্তিশালী করার জন্য তারা করে যাচ্ছে।”
স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইনের বিভিন্ন ‘অসঙ্গতি’ তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচন কমিশনের প্রস্তাবিত আইনে অনেক মৌলিক বিধানই বদলে ফেলেছে। তারা যে নতুন আইনের প্রস্তাব করেছে সেই আইনের একটা বড় অংশ, ধারা ৬৬ থেকে আরম্ভ করে প্রায় ৮৪ পর্যন্ত- এর কোনোটাই স্থানীয় সরকারের প্রচলিত যেসব আইন রয়ে গেছে তার কোনোটার মধ্যে নেই। এসব আছে বিধিমালার মধ্যে। কিন্তু প্রস্তাবে তো নির্বাচন কমিশন আগে বলে নাই যে, বিধিমালা থেকে এনে নতুন আইন করা হবে।
“কিন্তু বাস্তবে তারা সেটা করেছে। অর্থাৎ তারা যেটা বলেছে তারা সেখান থেকে সরে গেছে।”
এই বিএনপি নেতা বলেন, “আলাদা আলাদা আইনসমূহকে একীভূত করে একক আইন প্রণয়ন করা হলে ওই একীভূত আইন থেকে পৃথক পৃথক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট বিধি-বিধান খুঁজে খুঁজে বের করে বোঝা বা আয়ত্ত্বে আনা জটিল, কষ্টকর ও দুরূহ হয়ে পড়বে বিধায় কমিশনের এই উদ্যোগ অসঙ্গত ও পরিত্যাজ্য।
“এটা নিয়ে দাবি নাই, আন্দোলন সংগ্রাম নাই। যেসব নিয়ে দাবি আছে নির্বাচন সুষ্ঠু করেন, যেখানে কারচুপি হয় তা বন্ধ করেন, দিনের ভোট যেন রাত্রে না হয়, ভোট কেন্দ্রে যেন সন্ত্রাস না হয়, প্রচারণায় যে বাধা হয় সেগুলো বন্ধ করেন সেদিকে নির্বাচন কমিশনের কোনো আগ্রহ নাই। যেটা নিয়ে কথা-বার্তা নেই তা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে।”
প্রস্তাবিত নতুন আইনে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের দীর্ঘদিনের পদবীগুলো বাংলাকরণের প্রস্তাব, ফেরারি আসামিদের নির্বাচন করতে না দেওয়া, প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে নতুন আইনে অন্তুর্ভুক্ত না করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রাজনৈতিক মনোনয়ন দেওয়া, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের তালিকা বৈধ প্রার্থীদের দেওয়ার ব্যবস্থা না রাখা, ভোট গণনার সময়ে প্রার্থীদের এজেন্টদের না রাখা ইত্যাদি বিষয়ে দলের আপত্তি তুলে ধরেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “আমরা দাবি করছি, পৃথক পৃথক আইন থাকা সত্ত্বেও তাদেরকে একীভূত করে চলমান করোনা সংকটকালে প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইন-২০২০ প্রণয়নের এই অপ্রয়োজনীয় ও অযৌক্তিক উদ্যোগ থেকে কমিশন বিরত থাকবে। এটা আমরা আশা করছি।
“এত সব যুক্তিসঙ্গত কারণ অগ্রাহ্য করে যদি কমিশন একচেটিয়াভাবে প্রস্তাবিত নতুন আইন প্রণয়নে উদ্যোগী হয় তাহলে বিএনপির দেওয়া আইনের অসঙ্গতিসমূহ দূরীকরণ ও সংগত দাবিগুলো পূরণ এবং আমাদের সংশোধনী প্রস্তাবসমূহ সংশ্লিষ্ট আইনে সন্নিবেশিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এককভাবে কোনো আইন প্রণয়ন করা হলে তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না।”
মির্জা ফখরুল বলেন, “ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনের প্রচারণা চলছে। আমি দুঃখের সঙ্গে লক্ষ করেছি, এটা নিয়ে মিডিয়ার কোনো কাভারেজ হচ্ছে না। যার ফলে হচ্ছে কী, এখানে চরম অনিয়ম ঘটছে। এখানে নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়েছে, নির্বাচন কমিশন একটা বশংবদ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে- এটা প্রমাণ হচ্ছে।
“আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব, আপনারা দয়া করে একটু কাভার করার ব্যবস্থা নিন। এমনিতেই নির্বাচন চলে গেছে, নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হয়ে গেছে, এর ওপর থেকে জনগণের আস্থা উঠে গেছে। এটা বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত করে ফেলতে পারে।”
নির্বাচন কমিশনের প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনের বিষয়ে পর্যালোচনা করতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রণয়ন করে, যা গত ৩১ অক্টোবরের জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদন পায়।
পরে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল শনিবার এসব সুপারিশসহ দলের মহাসচিবের একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচন
ক্ষমতাসীনদের ‘ইচ্ছায়’ ইউনিয়ন পরিষদ নির্বাচন এগিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
“সেটা হচ্ছে, এই করোনার ভয়াবহতা নতুন করে দ্বিতীয় ধাপে এসেছে। এ সময়ে নির্বাচন করার অর্থ হচ্ছে জনগণের অংশগ্রহণ হবে না, জনগণ যাতে না অংশগ্রহণ করে সেটা তারা চাচ্ছে আরকি। পুরো নির্বাচনের সিস্টেমটা তারা নষ্ট করে ফেলেছে।
“আজকে নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের ইচ্ছা করে না। আজকে দুঃখজনকভাবে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার শেষ অবস্থা তারা তৈরি করেছে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখছেন নির্বাচন কমিশনের এসব কথা।”
ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণের বিরোধিতা করে মির্জা ফখরুল বলেন, “ইভিএম গ্রহণযোগ্য নয়। এদেশে এটা কোনো দিনই এই মেশিন গ্রহণযোগ্য নয়। এটাতে দারুণভাবে জালিয়াতির সুযোগ আছে।
“এর একটাই উদ্দেশ্য, একটা দলকে ক্ষমতায় রাখতে হবে, তার জন্য যা কিছু করা দরকার সেটাই তারা করছে।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
