ঢাকা-১৮: সাহারার অসমাপ্ত কাজের ভার নিতে চান মোমতাজ উদ্দিন মেহেদী
আইনজীবীদের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে এবার জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করার লক্ষ্য স্থির করেছেন মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।
ঢাকা-১৮ (উত্তরা) আসনে উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সম্পাদক।
জনপ্রতিনিধি হওয়ার পথে নামার বিষয়ে মোমতাজ উদ্দিন মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
“প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতেই আমি ঢাকা-১৮ উপ-নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন চেয়েছি।”
গত তিনবার ওই আসনে সংসদ সদস্য ছিলেন সাহারা খাতুন; তিনিও ছিলেন একজন আইনজীবী। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে।
“তিনি (সাহারা) এলাকার মানুষের জন্যই নিবেদিত ছিলেন। আমি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই,” বলেন মোমতাজ উদ্দিন মেহেদী।
এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৫৫ জন। তার মধ্যে ‘সৎ-স্বচ্ছ ভাবমূর্তি ও সক্রিয় রাজনীতিক’ বিবেচনায় মনোনয়ন পেতে আশাবাদী তিনি।
মোমতাজ মেহেদী বলেন, “আমি এ আসনের স্থায়ী বাসিন্দা। আন্দোলন-সংগ্রামে, সমস্যা-সঙ্কটে এলাকার জনসাধারণের সাথে আমার সরাসরি যোগাযোগ আছে। আমি জানি তাদের দুঃখ-দুর্দশা।”
মনোনয়ন না পেলেও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকবেন বলেও জানান মোমতাজ মেহেদী।
ছাত্রলীগের সাবেক নেতা মোমতাজ মেহেদী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলন। বঙ্গবন্ধু হত্যামামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেলেও ছিলেন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন মোমতাজ মেহেদী।
আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।
তারই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ৮৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হন তিনি।
মোমতাজ মেহেদীকে ১৯৯২ সালে আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য করা হয়। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি।
এর মধ্যে আইন পেশায় যুক্ত হয়ে মোমতাজ মেহেদী ঢাকা বারে আইনজীবীদের নেতা হয়ে ওঠেন। ২০০১ সালে তিনি ঢাকা বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এরপর ২০১২ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নেতৃত্ব দেন এই আইনজীবী।
একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন মোমতাজ মেহেদী।
অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী
রাজনৈতিক কারণে অসংখ্যবার আহত, গ্রেপ্তার হয়েছেন মোমতাজ উদ্দিন মেহেদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্বে থাকার সময় এরশাদবিরোধী আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধও হয়েছিলেন তিনি।
১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। তখন বহু দিন বন্দি ছিলেন।
চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর পুলিশের এডিসি কোহিনূরের নির্যাতনের প্রতিবাদে নিজে বাদী হয়ে মামলা করেছিলেন মোমতাজ মেহেদী।
জরুরি অবস্থার সময় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলে তার মুক্তির দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন মোমতাজ মেহেদী। এসময় আইনজীবী পেশাজীবীদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির নেতৃত্ব দেন তিনি।
করোনাভাইরাস মহামারীর মধ্যে ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার পর মোমতাজ মেহেদী নিয়মিত আদালত চালুর দাবিতে সোচ্চার ছিলেন।
