জেএমবির বোমাহামলার বার্ষিকীতে ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন
সারা দেশে জেএমবির বোমা হামলার পঞ্চদশ বার্ষিকীতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই প্রতীকী কর্মসূচিতে ওই ঘটনার ধিক্কার জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, “২০০৫ সালের এই দিনে বিএনপি-জামায়াতের মদদে জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী জেএমবি কর্তৃক সারা দেশের ৬৩টি জেলার ৫ শতাধিক স্থানে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলা চালায়। বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট করার জন্য এই হামলা করা হয়েছিল।
“সিরিজ বোমা হামলার পেছনে প্রত্যক্ষভাবে মদদ দিয়েছিল খালেদা জিয়া সরকারের প্রত্যেকটি সদস্য, যার মাস্টারমাইন্ড ছিল তারেক জিয়া। তারেক জিয়া এদেশের রাজনীতিকে কলঙ্কিত করেছে।”
জয় বলেন, “জিয়ার মদদপুষ্ট বিএনপি সরকার সিরিজ বোমা হামলার পর শোকের মাস আগস্ট বারবার বেছে নেয়। তারা ২১ আগস্ট ঘটায়। তারা বারবার ১৫ আগস্ট ঘটাতে চায়। আর যেন কোনো হামলার না হয় সে বিষয়ে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।”
তিনি কমিশন গঠন করে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিও জানান।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, “২০০৫ সালের এই দিনে বাংলার মাটিতে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ সর্বসম্মতিক্রমে একটি ন্যাক্কারজনক ঘটনা। ধিক্কার জানাই সেই সময়কার সরকার ও যাদের মদদপুষ্ট কুচক্রী মহল এই ধরনের কাজ করার সুযোগ পেয়েছিল।
“সেই জঙ্গীগোষ্ঠীকে চিরতরে মুছে দিয়ে বর্তমানে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষ্ঠ রাজনৈতিক পরিস্থিতিতে দেশ পরিচালনা করছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সেই ধারাবাহিকতা ওই দিনের অরাজকতাকে ধিক্কার জানাচ্ছি।”
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।
