বিএনপির নিয়মিত সাংগঠনিক কার্যক্রম আরও এক মাস বন্ধ
করোনাভাইরাস মহামারীর কারণে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম ও পুনর্গঠন প্রক্রিয়ায় স্থগিতাদেশ আরও এক মাস বাড়িয়েছে বিএনপি।
রোববার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্থায়ী কমিটির বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বিএনপির নিয়মিত সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়, তারপর কয়েক দফায় সেই স্থগিতাদেশ বাড়ানো হয়।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া গতকাল ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।”
এই সময়ের মধ্যে দেশব্যাপী সব স্তরের ইউনিটগুলোর নেতাদের সব পর্যায়ের সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক চালিয়ে যেতে বলা হয়েছে।
