২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের থেকেও বিএনপি নেতারা বিচ্ছিন্ন, দাবি তথ্যমন্ত্রীর

শুধু জনগণ নয়, নিজ দলের কর্মীদের কাছ থেকেও বিএনপি নেতারা বিচ্ছিন্ন হয়ে গেছেন বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ দাবি করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2020, 06:18 PM

Updated : 08 Apr 2022, 01:08 AM

তিনি বলছেন, এজন্যই তারা টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে নিজেদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন।

সচিবালয়ে রোববার বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন হাছান মাহমুদ।

‘সরকার দুর্নীতিতে বেসামাল’ বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বক্তব্য নিয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, “সীমাহীন দুর্নীতি, দুঃশাসনের কারণে যারা দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, একবার অবশ্য আফ্রিকার একটি দেশের সাথে যুগ্ম-চ্যাম্পিয়ন, সেই বিএনপির মুখপাত্র হচ্ছেন রিজভী আহমেদ। তারা যখন দুর্নীতির কথা বলে, তখন লোকে হাসে।

“পেট্রোল বোমার রাজনীতি করার কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু জনগণ থেকেই নয়, বিএনপি নেতারা তাদের কর্মীদের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। টেলিভিশনে উপস্থিতির মাধ্যমে তারা তাদের অস্তিত্বটা প্রমাণ করার চেষ্টা করে এবং সেই লক্ষ্যেই বিভিন্ন কথা বলে, এছাড়া অন্য কিছু নয়।”

বন্যা মোকাবেলায় সরকারের তৎপরতা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বন্যা ও দুর্যোগ মোকাবেলায় অতীতেও সক্ষমতা দেখিয়েছেন, এখনও সফলভাবে বন্যা মোকাবেলা করছেন।

“১৯৯৮ সালে যে ভয়াবহ বন্যায় দেশের ৭৫ ভাগ স্থল তিন মাস পানির নিচে ছিল, তখনও অনাহারে মানুষ মৃত্যুবরণ করেনি এবং সেই বন্যাকে সফলভাবে মোকাবেলা করে তিনি বিশ্ববাসীকে তার সক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন।”

হাছান মাহমুদের ভাষ্য, এরপর গত সাড়ে ১১ বছরে যত প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হয়েছে প্রধানমন্ত্রী সেগুলো সফলভাবে মোকাবেলা করে দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করেছেন। যারা এ নিয়ে টেলিভিশনে বসে বসে কথা বলছেন, তারা কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়াননি।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সাবেক উপদেষ্টা মিয়া আলাউদ্দিন ও সাবেক কার্যনির্বাহী সদস্য আওলাদ হোসেন  প্রমুখ তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।