সরকারের ব্যর্থতায় মৃত্যু আতঙ্কে পুরো দেশ: ফখরুল
সরকারের ব্যর্থতায় গোটা দেশের মানুষ মৃত্যু আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে প্রয়াত নেতা শাহজাহান সিরাজের স্মরণে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, “কী দুর্ভাগ্য আমাদের আজকে যারা ক্ষমতায় বসে আছে, যারা বলে তারা স্বাধীনতা চেতনা ধারণ করে, তারাই আজকে সচেতনভাবে এদেশের মানুষের যে ভোট দেওয়ার অধিকার, তার যে মৌলিক অধিকার সেগুলোকে হরণ করে নিয়ে গেছেন।
“দুর্ভাগ্য আজকে শাহজাহান সিরাজের এই স্মরণসভায় যারা আছেন, তারা এই বাংলাদেশ দেখতে চাননি। তারা একটা সুখী, সমৃদ্ধ, সাধারণ মানুষ যাতে বেঁচে থাকতে পারেন সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আজকে আমরা কী দেখছি?”
বিএনপি মহাসচিব বলেন, “আজকে গোটা দেশের মানুষ এখন মৃত্যু আতঙ্কে ভুগছে, আজকে গোটা দেশের মানুষ জীবিকার চিন্তায় তারা অস্থির হয়ে আছে। আজকে গোটা দেশের মানুষ তাদের যে মৌলিক অধিকার, যে ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবেন, পার্লামেন্ট নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন, তাদের ভবিষ্যতকে তারা দেখবেন সেই জায়গাটুকু পর্যন্ত আজকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে।”
শাহজাহান সিরাজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, “আামি শাহজাহান সিরাজকে শুধু মাত্র বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না, আমার মনে হয় দেশের মানুষও দেখতে চায় না। তাকে সবাই বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারপাঠকারী, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের একজন নায়ক হিসেবে দেখতে চান, সেভাবে তারা দেখেছেন শাহজাহান সিরাজ সাহেবকে।”
চার দলীয় জোট সরকারের পরিবেশ ও বনমন্ত্রী থাকাকালে শাহজাহান সিরাজের পরিবেশের দুষণ রোধে পলিথিনের ব্যবহার ও থ্রি হুইলার স্কুটার নিষিদ্ধ, সামাজিক বনায়ন কর্মসূচির যুগান্তকারী পদক্ষেপের কথাও তুলে ধরেন জোট সরকারের প্রতিমন্ত্রী ফখরুল।
বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশসের (বিএনআরসি) উদ্যোগে সদ্য প্রয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের স্মরণে ‘স্বায়ত্তশাসনের সংগ্রামকে স্বাধীনতা যুদ্ধের রুপান্তরে শাহজাহান সিরাজ এর ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা হয়।
গত ১৪ জুলাই শাহজাহান সিরাজ এভার কেয়ার হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।
স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি, জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, “১৯৬২ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীন বাংলা নিউক্লিয়াসের গঠনের মধ্যে দিয়ে প্রত্যেকটা আন্দোলন-সংগ্রাম হয়েছে। ওই সময়ে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াসের সদস্যরা ছাড়া কেউই পৃথিবীতে স্বাধীন বাংলাদেশের স্বপ্নই দেখে নাই। আমি ও শাহজাহান সিরাজ ’৬২ সালে নিউক্লিয়াসের সদস্য।
“আমরা কোনোদিন স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করি নাই। একটা কথা বলে দিলে আজকে সবাই বুঝতে পারবেন, পাকিস্তানে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো, ৬ দফা না ১ দফা, জিন্নাহ মিয়ার পাকিস্তান, আজিপুরের গোরস্থান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।”
স্বাধীন বাংলা ছাত্র্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা নুরে আলম সিদ্দিকী বলেন, “আমি একটি বলতে চাই যে, বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন একেক সময়ের আন্দোলনের মধ্য দিয়ে যেমন স্বায়ত্তশাসন এই দাবিও যেমন সত্য ছিলো, স্বাধিকারের প্রশ্ন উত্থাপিত হয়েছিলো এটাও তেমনি সত্য এবং স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলন এটাই চূড়ান্ত রূপ দেয়।”
বিচারবর্হিভূত হত্যা, সাংবাদিকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা, মুক্তবাজারের নামে লুটতরাজ, দুর্নীতি-অপশাসনের নানা চিত্র তুলে ধরেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ জহিরউদ্দিন স্বপনের পরিচালনায় এই আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, নাগরিক নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বক্তব্য দেন।
