২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নেতৃত্বের জন্য করোনাভাইরাসে মৃত্যু কম: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যুর হার কম বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 04:47 PM

Updated : 18 Aug 2022, 03:16 PM

মঙ্গলবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, “করোনাভাইরাসের ফলে পৃথিবীতে যে কয়টি দেশে মৃত্যুর হার কম তার মধ্যে বাংলাদেশের অবস্থান। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সারা পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে কমতো বটেই ভারত-পাকিস্তানের চেয়েও কম।

“আমাদের সীমিত সম্পদ, সীমিত সামর্থ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিবা-নিশি কাজ করে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই কারণেই আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। জনগণ যদি আরো সচেতন হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, আক্রান্তের হার কমবে এবং একই সাথে মৃত্যুর হারও আরো অনেক কমবে।”

হাছান মাহমুদ বলেন, “করোনা পরিস্থিতিতে সারাবিশ্ব স্তব্ধ হয়ে গেছে এবং এই পরিস্থিতিতে মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সাহসী বাজেট ঘোষণা করেছে। একটু আগে বিরোধীদলীয় এমপি হারুনুর রশিদ সাহেব বক্তৃতা করছিলেন, তিনি বলছিলেন এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা আছে কিনা।”

তিনি বলেন, “গত ১১ বছর ধরে শুনে আসছি প্রতিবার বাজেট পেশ করার পর, বিএনপি, তার সাথে সুর মিলিয়ে তাদের সমমনা দলগুলো আর কিছু প্রতিষ্ঠানে আছে, যারা সমালোচনা না করলে মনে করে যে তাদের পাণ্ডিত্য ফলানো হচ্ছে না। তাদের পাণ্ডিত্য ফলানোর জন্য তারা সব সময় বলেন যে, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়।”

তথ্যমন্ত্রী বলেন, “কিন্তু বাস্তবতা হচ্ছে গত ১১ বছরে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯৫ থেকে ৯৭, ৯৮ শতাংশ। প্রতি বাজেটের পর বিএনপিসহ কয়েকটি দল আর কিছু বুদ্ধিজীবী তারা বলেন এটি উচ্চাভিলাষী। এবারও একই কথা বলা হয়েছে- এই বাজেট উচ্চাভিলাষী বাজেট, বাস্তবায়নযোগ্য না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অভিলাষ যদি না থাকে, উচ্চাভিলাষ না থাকে, তাহলে সে অভিলাষ পূরণের তাগাদা থাকে না, অভিলাষ পূরণের জন্য প্রচেষ্টা থাকে না।”

তিনি বলেন, “অভিলাষ গত ১১ বছর ধরে ছিল বিধায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উচ্চাভিলাষী বাজেট গুলো বাস্তবায়িত হয়েছে।”

হাছান বলেন, “তিনি (বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ) বলেছেন সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য। তিনি হয়তো বাজেটটি ঠিকমতো পড়েন নাই। যদি পড়তেন তাহলে উনি এ কথা বলতেন না। সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের ১৬ শতাংশের বেশি এবার বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।”