২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের পুনর্বাসনে মিয়ানমারকে চাপ দিতে বিএনপির আহ্বান

বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 11:42 AM

Updated : 18 Aug 2022, 03:15 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার আলাদা বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস।

বিএনপির বিবৃতিতে বলা হয়, “বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তচ্যুত শরণার্থীদের নাগরিক মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি বিএনপি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে।

“বর্তমানে বাংলাদেশ এক বিশাল শরণার্থী মানুষদের আশ্রয় প্রদান করেছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি মানবতার একটি বিরল দৃষ্টান্ত।”

জীবন-ধারণের উপকরণসহ রোহিঙ্গা শরণার্থীদেরকে যথাযোগ্য নাগরিক মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের উপর চাপ প্র্রয়োগ অব্যাহত রাখতে আন্তর্জাতিক ও বিভিন্ন দাতা সংস্থার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

রোহিঙ্গা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনসহ তাদের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপনও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান ও মহাসচিব।