ইনুকে নিয়ে গুজব রটানো হচ্ছে: জাসদ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত নন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইনু করোনাভাইরাসে আক্রান্ত বলে সোশাল মিডিয়ায় ছড়ানো খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে সোমবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে জাসদ।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, “একদল বিকৃত রাজনৈতিক মানসিকতার লোক ফেইসবুক ও কিছু অনলাইনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনায় আক্রান্ত বলে গুজব ছড়িয়ে তার মৃত্যুকামনা করে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।”
এ ধরনের ‘জঘন্য ও বিকৃত রাজনৈতিক মানসিকতাকে’ ধিক্কার জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাসদ সভাপতি হাসানুল হক ইনু মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই নিয়মিতভাবে সীমিত আকারে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।”
গত ১০ ও ১১ জুন ইনু সংসদ অধিবেশনেও যোগ করেন।
তিনি মোবাইল টেলিফোন, ইন্টারনেট, ইমেইল, অনলাইনে সব ধরনের রাজনৈতিক, সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড সমন্বয় করছেন বলেও জাসদ জানিয়েছে।
জাসদ সভাপতি ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেশ কয়েকজন রাজনীতিক ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন কয়েকজন।
