ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মপ্রতিমন্ত্রীর রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে। উনাকে এখন দাফনের জন্য গোপালগঞ্জে নেওয়া হচ্ছে।”
করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এই প্রথম এ ভাইরাসে কারও মৃত্যুর খবর এল।
শনিবার রাতে বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন সে সময় বলেছিলেন, প্রতিমন্ত্রীর ‘হার্ট অ্যাটাক’ হয়েছে।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রাতে সাংবাদিকদের বলেছিলেন, করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করা আব্দুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি।
সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন।
এরপর ১২ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর আসে।
