২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

করোনাভাইরাস সঙ্কটের এই কালে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে তার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 12:51 AM

Updated : 18 Aug 2022, 03:02 PM

রোববার সারাদেশে মিলাদ, বিশেষ দোয়া হয় আওয়ামী লীগের উদ্যোগে।

ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা মনন সৃজনশীলতা ও দূরদর্শী নেতৃত্বে এক সময়ের দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করে সেই দেশকে আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, উপদেষ্টামণ্ডলীর সদস্য একেএম রহমতুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, উপদপ্তর সম্পাদক সায়েম খান এই অনুষ্ঠানে ছিলেন।

নানক বলেন, “শেখ হাসিনা সততা সাহসিকতা ও দেশপ্রেমে যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধেও আমরা শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করব।”

বিকালে ধানমণ্ডির ৩০০ দুস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, বিশেষ দোয়া ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগ।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনগুলো ঘরোয়াভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।