ঈদযাত্রায় আরও জটিল হতে পারে পরিস্থিতি: কাদের
ঈদের আগে দলে দলে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার নিজের সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “করোনাভাইরাস সংকট মোকাবেলায় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এ সংযমের মাসেও মানুষ সামাজিক দূরত্ব না মেনে দলে দলে গ্রামের দিকে যেতে শুরু করেছে।
“শহর থেকে গ্রামে যাওয়ার এ প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।”
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ থেকে ‘সাধারণ ছুটি’ কয়েক ধাপে বাড়িয়ে ৩০ মে পর্যন্ত নেওয়া হয়েছে।
এর মধ্যেই রোজার ঈদ পড়ে যাওয়ায় সরকার । গত বৃহস্পতিবার ছুটির নতুন আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ বলেছে, ‘ছুটির’ এই সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জন সাধারণের চলাচল ‘কঠোরভাবে’ নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী তা ‘সতর্কভাবে’ বাস্তবায়ন করবে।
এরপর থেকেই অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেন। শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে।
“এভাবে চলতে থাকলে দুর্ভোগের অন্ধকারাচ্ছন্ন বর্ষাকাল অতিক্রমের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, “সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে। আমি আন্তর্জাতিক এ সংস্থাটিকে বলতে চাই, আপনারা খোদ ইউরোপসহ উন্নত দেশগুলোর দিকে তাকান, সেসব দেশও নানা সীমাবদ্ধতা নিয়ে চিকিৎসা দিচ্ছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সক্ষমতা বাড়ানোর চেষ্টা রয়েছে। এখন ৪১টি কেন্দ্রে টেস্ট করা হচ্ছে। সুরক্ষা সামগ্রী সংগ্রহ বাড়ছে দিন দিন।
“নতুন করে চিকিৎসক, নার্স নিয়োগ করা হয়েছে। এর বাইরে স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশেষ পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন।”
ঘরহীন মানুষদের খুঁজে খুঁজে সহায়তা দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকারী উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এক কোটির বেশি পরিবার তথা পাঁচ কোটির বেশি মানুষের মাঝে সরকারি সহায়তা পৌঁছেছে।
৬৪ জেলায় এক লাখ ৫৩ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। প্রায় ৮৫ কোটি টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। ১৭ কোটি ৫৪ লাখ টাকার শিশু খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এক কোটি মানুষকে রেশনের আওতায় আনাসহ ঈদের আগে ৫০ লাখ মানুষকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
“এর মধ্যে অনেকেই আছেন; যাদের ঘর নেই, যারা খোলা আকাশের নিচে, ফ্লাইওভারের নিচে, বিভিন্ন রেল স্টেশনে আছেন। তাদের খুঁজে খুঁজে তালিকা তৈরি করে ঈদের আগে সাহায্য সহযোগিতা পৌঁছে দিন।”
কাদের বলেন, “এ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়ন তথা প্রণোদনা কার্যক্রমে কোনোরূপ অনিয়ম সরকার বরদাস্ত করবে না। ত্রাণ কার্যক্রমে সচ্ছতা সরকারের অঙ্গিকার। যে অনিয়ম করবে, দলীয় পরিচয়ে হলেও তাকে ছাড় দেয়া হবে না।”
