বিএনপির রাজনীতি এখন টেলিভিশননির্ভর: কাদের
বিএনপির রাজনীতি টেলিভিশনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “টেলিভিশন না থাকলে বিএনপি গুরুত্বহীন হয়ে পড়তো।”
করোনাভাইরাস মোকাবিলায় কোথাও সরকারের অংশগ্রহণ নেই বলে দুদিন আগে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, “সরকার কি করেছে বা করছে, তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখোনোর প্রয়োজন নেই। ফোর্বস, ইকোনোমিস্টসহ প্রেস্টিজিয়াস বিশ্ব সাময়িকীগুলোতে শেখ হাসিনার নেতৃত্বের এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। শেখ হাসিনা প্রচারে বিশ্বাসী নন, তিনি কাজে বিশ্বাসী।
“বিএনপির রাজনীতি এখন টেলিভিশননির্ভর। সরকার অনেক টিভি চ্যানেলের অনুমতি দিয়েছে বলেই বিএনপি অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আরো গুরুত্বহীন হয়ে পড়তো।”
তিনি বলেন, “এই সংকটেও দেখতে পাচ্ছি, বিএনপি নেতিবাচক রাজনীতির বৃত্তে আবর্তিত হচ্ছে। আবারো বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
“সরকারের ভূল হলে সংশোধনের পরামর্শ দিন। ভূল সংশোধনের গঠনমুলক পরামর্শ আর একপেশে সমালোচনা এক নয়। যে কোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবেই দেখেন।”
বৌদ্ধ পূর্নিমা উপলক্ষ্যে দেশে বৌদ্ধ সম্প্রদায়কে আন্তারিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।
